রাজনৈতিক সৌহার্দ্যে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জামায়াতে ইসলামীর দুই সংসদ সদস্য মুহা. ইজ্জতউল্লাহ ও মুহাদ্দিস আব্দুল খালেকের এক সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক মতপার্থক্যের বাইরে গিয়ে পারস্পরিক সম্মান ও সহযোগিতার একটি ইতিবাচক বার্তা ফুটে ওঠে। বৈঠকে জেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দল ও মতের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা রয়েছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্ব উঠে সম্মিলিত উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির এই সাক্ষাৎকে রাজনৈতিক সৌহার্দ্যের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা মনে করছেন, রাজনৈতিক পরিচয় ও আদর্শ ভিন্ন হলেও জনস্বার্থে একসাথে কাজ করার মানসিকতা থাকলে জেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
উল্লেখ্য, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জতউল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে জামায়াত প্রার্থী ১৮ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন। সম্প্রতি কলারোয়ায় একটি সড়ক সংস্কার কাজের উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের কর্মসূচির মুখোমুখি অবস্থানে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এরই প্রেক্ষিতে রাজনৈতিক সদিচ্ছা থেকেই সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সভায় তালা-কলারোয়ার সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্লাহ এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।









