রোনালদোর মাইলফল ছুঁতে আর ৩০ গোল
জোয়াও ফেলিক্সের কর্নারে ছয় গজ বক্সে অনেকটা লাফিয়ে হেড করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে বল আশ্রয় খুঁজে নিল জালে। দুই হাত মেলে ছুটলেন রোনালদো, তার পেছনে সতীর্থরা। কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে একসঙ্গে চলল তাদের আনন্দ-উল্লাস। পরে একটু নেচেও দেখালেন পর্তুগিজ মহাতারকা।
ম্যাচের ৭৬তম মিনিটে রোনালদোর ওই গোলেই এগিয়ে যায় আল নাস্র। ৯০তম মিনিটে আরেকটি গোল করেন কিংসলে কোমান। সৌদি প্রো লিগে বুধবার ঘরের মাঠে আল আহলির বিপক্ষে ম্যাচটি ২-০ গোলে জেতে স্বাগতিকরা।
হাজার গোলের মাইলফলকের পথে ছুটতে থাকা রোনালদোর গোল হলো এখন ৯৭০টি। চলতি লিগে ৪১ বছর বয়সী ফরোয়ার্ডের গোল হলো ২৬ ম্যাচে ২৫টি। সর্বোচ্চ গোলের তালিকায় তিনি আছেন তিন নম্বরে।
এই জয়ে কাঙ্ক্ষিত লিগ শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেল আল নাস্র। ৩০ ম্যাচে ২৬ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭৯। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল।আল নাস্র সবশেষ লিগ জিতেছে ২০১৮-১৯ মৌসুমে।






