কালিগঞ্জে জমি দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা
সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জে আওয়ামী লীগ নেতাদের জমি জবরদখল করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক বহিষ্কৃত নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী ও অভিযুক্ত—উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিগঞ্জ থানার চাঁচাই মৌজায় রেজাউল ঢালীর ভোগদখলীয় একটি জমি স্থানীয় যুবলীগ ও কৃষক লীগ নেতার পক্ষে জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য সচিব কাজী সোহেল, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোস্তফা ও আলতাফসহ একদল লোক সেখানে তারের ঘেরা দিয়ে জমিটি দখলে নেন বলে ভুক্তভোগীরা জানান।
ভুক্তভোগী নীলা দাশ ও রেজাউল ঢালী ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তরা তাঁদের নিয়মিত হুমকি দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত কাজী সোহেলের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে। ভুক্তভোগী পরিবারটি এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন ও পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।












