লাবসায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ১৩ নম্বর লাবসা ইউনিয়নের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং লাবসা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিনের পরিচালনায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। রোববার (১৯ জুলাই) সকাল নয়টায় দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।
ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেন জানান, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা চার শতাধিক মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চোখের বিভিন্ন রোগ পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩২ জনকে বিনামূল্যে চশমা, ১৯ জনকে প্রয়োজনীয় ওষুধ এবং ৫৫ জনকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আবদুল খালেক। তিনি বলেন, “দৃষ্টিশক্তি মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। অনেক মানুষ অর্থাভাবে সময়মতো চিকিৎসা নিতে পারেন না। গ্রামীণ চক্ষু হাসপাতালের এ ধরনের উদ্যোগ সমাজের প্রান্তিক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও যদি এভাবে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে, তাহলে অন্ধত্ব প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।”
ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা শহীদ হাসান এবং সদর উপজেলা জামায়াতের শুরা কর্মপরিষদ সদস্য ও লাবসা জামায়াতের তদারককারী মাওলানা শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাবসা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডা. (ভিলেজ) হাফেজ আমিরুল ইসলাম। তিনি বলেন, অন্ধত্ব প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা জরুরি। গ্রামীণ চক্ষু হাসপাতাল দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন ইউনিয়নে এই সেবা দিয়ে আসছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষকে উন্নত চিকিৎসার আওতায় আনতে এই ধারা অব্যাহত রাখা প্রয়োজন।
ক্যাম্পে এসে বিনামূল্যে আধুনিক চিকিৎসা, ওষুধ ও চশমা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ রোগীরা। অনেকেই জানান, অর্থাভাবে দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা করাতে পারছিলেন না, এই ক্যাম্প তাঁদের জন্য বড় আশীর্বাদ হয়ে এসেছে।
দিনব্যাপী এই ক্যাম্পটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থাপনা ও সুরক্ষায় দায়িত্ব পালন করেন লাবসা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির ইউসুফ আল আজাদী, সেক্রেটারি এস এম মামুন হোসেন, সহকারী সেক্রেটারি আলহাজ্ব কামরুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।






