শার্শায় বিশেষ অভিযানে সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪
বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এক সাবেক ইউপি সদস্যসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা এলাকার বিভিন্ন স্থানে পরিচালনা করা এক বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার রাড়িপুকুর গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা শেখ নাজমুল হাসান (৫১), গোপালপুর গ্রামের বাসিন্দা ও গোগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইমানুর রহমান (৫৩), আমলাই গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগ কর্মী আবু বকর সিদ্দিক হৃদয় (২২) এবং পাড়িয়ারঘোপ গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম (৫০)।
থানা সূত্রে জানা গেছে, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
শার্শা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












