শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে প্রশাসনের সঙ্গে মতবিনিময়
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: দলিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা এবং সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় শ্যামনগর অফিসার্স ক্লাবে নাগরিক উদ্যোগের বাস্তবায়নে এবং জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন কুমার মণ্ডল ও বুড়িগোয়ালিনী প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক রামপ্রসাদ মিস্ত্রী।
এফজেএসের অর্থায়নে ‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা’ প্রকল্পের আওতায় আয়োজিত সভায় দলিত, আদিবাসী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তি, কৃষি সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা হয়।
বক্তারা প্রকৃত দরিদ্র, দলিত, আদিবাসী ও প্রতিবন্ধী পরিবারের তালিকা তৈরি করে প্রশাসনের কাছে জমা দেওয়ার প্রস্তাব দেন। পাশাপাশি সরকারি কৃষি প্রণোদনা ও বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ এবং ২০২৬ সালে চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচিতে দরিদ্র দলিত পরিবারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
প্রকল্প কর্মকর্তা চিরঞ্জিত কুমার মালোর সঞ্চালনায় সভায় প্রবন্ধ উপস্থাপন করেন সংশ্লিষ্টরা। এ সময় বক্তব্য দেন হিসাবরক্ষণ কর্মকর্তা অপু চৌকিদার, পরিতোষ দাস, বর্ষা রানী দাস ও নিলিমা রানী মুন্ডাসহ অন্যরা।






