শ্যামনগরে দুই কিশোর-কিশোরীর বিয়ে!
সংবাদদাতা: শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোরী ও ১৬ বছর বয়সী এক কিশোরের বাল্যবিবাহ সম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রশাসনিক নজরদারির অভাবেই এই বিয়ে সম্পন্ন হতে পেরেছে।
মেয়েটি কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে তারা দুজন বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর তাদের বিয়ে সম্পন্ন করা হয়।
ছেলের বাবা রফিকুল ইসলাম জানান, সাতক্ষীরা আদালত থেকে এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তারা একই বাড়িতে অবস্থান করছে। বিয়ের আগে উভয় পক্ষ থেকে বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার একটি লিখিত অঙ্গীকারনামা তৈরি করা হলেও শেষ পর্যন্ত তা মানা হয়নি।
বাল্যবিবাহের বিষয়ে শ্যামনগর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, বিষয়টি তাঁর জানা থাকলেও মহিলা বিষয়ক কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে সাহায্য না চাইলে পুলিশ একা উদ্যোগ নিতে পারে না। অন্যদিকে, শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক জানান, ঘটনাটি জানার পর ছেলের বাবাকে খবর পাঠানো হয়েছে।







