কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকিতে ৮৬ বোতল ফেন্সিডিল, গ্রেপ্তার ১
আরিফ মাহমুদ: কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের জ্বালানি ট্যাংকি ও সাইড কাভারের ভেতর লুকিয়ে রাখা ৮৬ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে র্যাব-৬।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে কলারোয়া টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. সালাউদ্দিন। তিনি উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত মুনতাজ বিশ্বাসের ছেলে।
র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জিয়াদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কাভারের ভেতর থেকে ৮৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ ঘটনায় কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









