শ্যামনগরে দুই নারীকে মারধর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরে দুই নারীকে মারধর ও মামলা তুলে নিতে হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগী সুমাইয়া খাতুন ও রওশনারা অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি গ্রামের কয়েকজন দুবৃত্ত তাঁদের ওপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। এ ঘটনায় রওশনারা বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা (মামলা নম্বর: ০৮/৮৫) করেন। কিন্তু মামলা করার পর থেকে আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে দাবি করেন তাঁরা।
বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে নারীদের ওপর হামলার ঘটনা ঘটলেও আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এতে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
কর্মসূচিতে দাতিনাখালী গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে শ্যামনগর থানার পুলিশ জানায়, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।









