Header Top Small Advertisement

17158135 - online internet banner with text your ad here on a web page web page with all pictures and informations are created by contributor himself
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

সংস্কারের পরিকল্পনা সহজ, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ: দেবপ্রিয় ভট্টাচার্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
সংস্কারের পরিকল্পনা সহজ, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ: দেবপ্রিয় ভট্টাচার্য

অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সংস্কার পরিকল্পনা প্রণয়ন নয়, বরং সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা। দুর্বল রাজনৈতিক অঙ্গীকার, সমন্বয়ের ঘাটতি, গোষ্ঠীস্বার্থ এবং জবাবদিহির অভাবের কারণে অনেক ভালো উদ্যোগই শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায় বলে তিনি মন্তব্য করেন।

রবিবার (১৯ এপ্রিল) রাজধানীতে সানেম আয়োজিত নবম বার্ষিক অর্থনৈতিক সম্মেলনের অধিবেশনে ‘রোমান্সিং দ্য রিফর্ম: দ্য বাংলাদেশ স্টোরি’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “দেশে ‘সংস্কার’ এখন অনেকটাই প্রচলিত শব্দে পরিণত হলেও বাস্তব পরিবর্তনের জন্য প্রয়োজন শক্ত রাজনৈতিক প্রতিশ্রুতি এবং কার্যকর প্রাতিষ্ঠানিক সক্ষমতা।” সংস্কারের পরিকল্পনা তৈরি করা তুলনামূলক সহজ, কিন্তু তা বাস্তবায়ন করাই আসল চ্যালেঞ্জ বলেও জানান তিনি।

সংস্কার প্রক্রিয়াকে ‘রোমান্স’-এর সঙ্গে তুলনা করে তিনি বলেন, “এতে যেমন প্রত্যাশা থাকে, তেমনি থাকে নানা বাধা, ধৈর্য ও পুনরুদ্ধারের গল্প।” তার মতে, “সংস্কার কোনও এককালীন ঘটনা নয়; বরং এটি একটি চলমান রাজনৈতিক-অর্থনৈতিক প্রক্রিয়া, যা প্রেক্ষাপট, নেতৃত্ব ও জনমতের ওপর নির্ভর করে গড়ে ওঠে।”

তিনি উল্লেখ করেন, “সংকট, বৈশ্বিক চাপ, মূল্যস্ফীতি, দুর্বল প্রতিষ্ঠান, বৈষম্য কিংবা দুর্নীতির মতো বাস্তবতা থেকেই সাধারণত সংস্কারের প্রয়োজনীয়তা তৈরি হয়। তবে এসব উদ্যোগের সফলতা নির্ভর করে এর পরিধি, বাস্তবায়নের ধাপ, গতি এবং সংশ্লিষ্ট অংশীজনদের মালিকানাবোধের ওপর।”

স্বাধীনতার পর থেকে বাংলাদেশে নানা ধরনের সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গঠন, বেসরকারিকরণ, ভ্যাট ব্যবস্থা চালু, বিনিময় হার সংস্কার, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, ডিজিটালাইজেশন এবং জাতীয় পরিচয়পত্র চালুর মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই অগ্রগতি মন্থর হয়ে পড়েছে।”

এই মন্থরতার পেছনে তিনি ‘লুণ্ঠনমূলক উত্তরাধিকার’-এর কথা তুলে ধরেন। তার ভাষায়, “অনিয়ন্ত্রিত দুর্নীতি, সরকারি সম্পদের অপব্যবহার, দুর্বল প্রতিষ্ঠান এবং রাজনৈতিক-আমলাতান্ত্রিক-ব্যবসায়ী গোষ্ঠীর যোগসাজশ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং ক্রোনি পুঁজিবাদকে উৎসাহ দিচ্ছে।”

দেবপ্রিয় বলেন, “অনেক সংস্কার উদ্যোগ জোরালোভাবে শুরু হলেও পরবর্তীকালে গতি হারায় বা দিকচ্যুত হয়। এর পেছনে সরকারের অভ্যন্তরে সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির অভাব, অংশীজনদের যথাযথ সম্পৃক্ত না করা এবং স্বার্থান্বেষী গোষ্ঠীর বাধা অতিক্রমে ব্যর্থতা বড় কারণ হিসেবে কাজ করেছে।”

জবাবদিহির ঘাটতির বিষয়টিও তুলে ধরে তিনি বলেন, “এমন কোনও কার্যকর ব্যবস্থা গড়ে ওঠেনি, যেখানে নাগরিকরা সরাসরি দেখতে পারেন কোন সংস্কার কতটা বাস্তবায়িত হয়েছে।” ব্যাংক খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সাম্প্রতিক ব্যাংক রেজল্যুশন আইনের সংশোধনীর সমালোচনা করেন। তার মতে, “সমস্যাগ্রস্ত ব্যাংকের ওপর সাবেক মালিকদের পুনরায় নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি করা ‘অলিগার্কিক’ প্রভাবেরই প্রতিফলন।”

ক্রমবর্ধমান খেলাপি-ঋণ মোকাবিলায় রাজনৈতিকভাবে কঠিন হলেও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ কমাতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন জোরদার করতে হবে।”

এছাড়া রাজস্ব আদায় বৃদ্ধি, ভর্তুকির যৌক্তিকীকরণ এবং সরকারি ব্যয়ের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি সরকারের সংস্কার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।

Ads small one

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এপ্রিল মাসের সভা আজ (রবিবার) জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন বলেন, সারাদেশে হাম-রুবেলা সংক্রামক মূহুর্ত চলছে। আগামীকাল সারাদেশে ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ তারিখ পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় খুলনা বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন এবং পৌরসভায় টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ থেকে পরিত্রাণ পেতে জেলার সকল দপ্তরের স্ব-উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা প্রয়োজন।

ওজোপাডিকো লিমিটেডের প্রতিনিধি সভায় জানান, খুলনা জেলার বিদ্যুৎ চাহিদা অনুযায়ী সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বর্তমান সরকারের উদ্যোগে সন্ধ্যাকালীন সাটডাউনের জন্য বিদ্যুৎ সাশ্রয় হয়েছে। নিজ নিজ দপ্তর থেকে সকলকে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য অনুরোধ করেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান সভায় জানান, মৎস্য সংরক্ষণ বিধিমালা অনুযায়ী এক সেন্টিমিটারের চেয়ে কম ফাসের চটজাল,কারেন্ট জাল, টংজাল, কাঁথাজাল,বেড়জাল,জগত বেড়জাল ইত্যাদির ব্যবহার প্রতি বছর ফাল্গুন মাস থেকে শ্রাবন  মাস পর্যন্ত ৬ মাস এবং বেহন্দি জাল সারাবছরের জন্য নিষিদ্ধ করার বিধান রয়েছে। সেই লক্ষ্যে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ পরিবর্তিত নির্দেশনা অনুযায়ী ৬ ধাপে পরিচালনা করা হয়। ইতোমধ্যে কম্বিং অপারেশন ১ম থেকে ৬ষ্ঠ ধাপ সম্পন্ন হয়েছে। খুলনা জেলায় ৪৫দিনে ২৫৭টি অভিযান ও ৫১ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭৮টি বেহন্টি জাল, ১৪.২৬লক্ষ মিটার কারেন্ট জাল ও ৫৪৬টি অন্যান্য জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে।

সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তথ্যবিবরণী

সাতক্ষীরায় ২৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন, দায়িত্বে থাকছেন অন্য স্কুলের শিক্ষকরা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় ২৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন, দায়িত্বে থাকছেন অন্য স্কুলের শিক্ষকরা

এসএম শহীদুল ইসলাম: ​সাতক্ষীরা জেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১৪ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলা শিক্ষা বিভাগ কঠোর অবস্থান গ্রহণ করেছে। এবার বিশেষ তদারকির অংশ হিসেবে কোনো শিক্ষকই নিজ প্রতিষ্ঠানের পরীক্ষাকেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালন করতে পারবেন না।

​​জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবীর জানান, জেলার সাতটি উপজেলায় মোট ২৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে ইতোমধ্যে কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা সম্পন্ন করা হয়েছে।

​সাতক্ষীরা জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে। এক কেন্দ্রের শিক্ষক অন্য কেন্দ্রে দায়িত্ব পালন করবেন (রোটেশনাল ডিউটি)। অর্থাৎ, যে কেন্দ্রে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, সেই কেন্দ্রের শিক্ষক ওই পরীক্ষাকেন্দ্রে ডিউটি দিতে পারবেন না।

 প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা ও আন্তঃকেন্দ্র শিক্ষক বদলির ব্যবস্থা করা হয়েছে।

​এদিকে, ​যশোর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বোর্ডের তথ্যমতে, এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬৬ হাজার ৯২৮ জন এবং ছাত্রী ৬৮ হাজার ১৬১ জন।

​বোর্ডের অধীনে থাকা ২ হাজার ৫৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২৯৯টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁস রোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।##

পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাক্সিন ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাক্সিন ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল রোববার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমদ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: ফজলে রাব্বী। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী শেখ, থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

 

মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ হাম -রুবেলার উপর বিস্তারিত উপস্থাপন করেন। স্বাস্থ্য কর্মী জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান,পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, সাংবাদিক আব্দুল আজিজ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ শাখায়ৎ হোসেন, ডিজিএফ আই প্রতিনিধি মো: শাহীন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

 

২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মোট ১১টি কর্মদিবস এই ক্যাম্পেইন চলবে। এর মধ্যে প্রথম ৮ দিন কমিউনিটি পর্যায়ের কেন্দ্রগুলোতে এবং শেষ ৩ দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান চলবে। নির্ধারিত কেন্দ্রসমূহ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ২০ হাজার ৫৪০ জন শিশুকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহসানারা জানান, অনলাইনে রেজিস্ট্রেশন করা সকল শিশু এই টিকা গ্রহণ করতে পারবে। কর্মসূচির শেষ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া উন্মুক্ত থাকবে। তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে হাম ও রুবেলার মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষিত রাখতে এই টিকার কোনো বিকল্প নেই। কোনো শিশু যেন এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেজন্য আমরা ব্যাপক প্রচার চালিয়েছি। টিকা নিয়ে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান দেবেন না। সভায় কর্মসূচির সফল বাস্তবায়নে প্রশাসনিক ও স্থানীয় প্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়।