সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

সমন্বিত চাষে বিদ্যুতের ‘শিল্প’ হার, সংকটে উপকূলের কৃষক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
সমন্বিত চাষে বিদ্যুতের ‘শিল্প’ হার, সংকটে উপকূলের কৃষক

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের কারণে একমুখী কৃষি ছেড়ে ধান, মাছ ও সবজির সমন্বিত চাষে ঝুঁকেছিলেন সাতক্ষীরার হাজারো কৃষক। কিন্তু বিদ্যুৎ সংযোগের শ্রেণি পরিবর্তন ও সেচ ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ায় সেই অভিযোজন ব্যবস্থাই এখন নতুন সংকটের মুখে পড়েছে। সমন্বিত চাষে ব্যবহৃত বিদ্যুৎকে কৃষি সেচের আওতায় এনে নীতিমালায় স্পষ্ট নির্দেশনা দেওয়ার দাবি জানাচ্ছেন স্থানীয় কৃষকেরা।

একসময় সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের জমিতে বছরের একাধিক মৌসুমে ধান ও বিভিন্ন ফসল ফলাতেন কৃষকেরা। তবে অতিবৃষ্টি, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও মাটিতে লবণাক্ততা বাড়ায় সেই কৃষিব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। সেখানে বছরে একটি ধানের ফসল তোলাই কঠিন হয়ে পড়েছে। ফলে শুধু ধান থেকে পাওয়া আয় দিয়ে পরিবার চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এই বাস্তবতায় একই জমিতে ধানের পাশাপাশি মাছ ও সবজি উৎপাদনের দিকে ঝুঁকেছেন কৃষকেরা। জমির পানিতে মাছ, জমিতে ধান আর উঁচু আইল বা ঘেরের পাড়ে মাচা তৈরি করে লাউ, করলা, শসাসহ বিভিন্ন সবজি চাষ করছেন তাঁরা। এটি সমন্বিত চাষাবাদ নামে পরিচিত। এ ধরনের চাষে একটি খাতে ক্ষতি হলেও অন্য খাত থেকে আয় দিয়ে তা পুষিয়ে নেওয়া সম্ভব হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত পাঁচ বছরে সাতক্ষীরায় সমন্বিত চাষের হার প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এটি একটি কার্যকর অভিযোজন কৌশল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা মৎস্য দপ্তর প্রশিক্ষণ, বীজ ও কারিগরি পরামর্শ দিয়ে এ ধরনের চাষে উৎসাহ জোগাচ্ছে। তবে এই অভিযোজন ব্যবস্থাই এখন বিদ্যুৎ ব্যবস্থাপনার জটিলতায় থমকে গেছে।

সরকারের সেচ নীতিমালা অনুযায়ী, ধান ও মৌসুমি সবজি চাষের জন্য কৃষি সেচে বিশেষ বিদ্যুৎ হার ও ভর্তুকির সুবিধা রয়েছে। তবে একই জমিতে ধান, মাছ ও সবজি উৎপাদনের ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারের শ্রেণি কী হবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই। মাঠপর্যায়ে অনেক ক্ষেত্রে এ ধরনের সংযোগকে ‘ক্ষুদ্র শিল্প’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে কৃষি সেচের জন্য প্রতি ইউনিট ৪ টাকা ৮০ পয়সার হার বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৯ পয়সায়। একই সঙ্গে বন্ধ হয়েছে ২০ শতাংশ সরকারি ভর্তুকিও।

সাতক্ষীরা সদর উপজেলার নিলেখালীর কৃষক নারায়ণ সরকার বলেন, ‘আগে যেই বিল দিতাম এখন তার অনেক গুণ বেশি দিতে হচ্ছে। আমরা তো আগের মতোই চাষ করছি, আগের মতোই মাছ বাঁচাতে মেশিন চালাচ্ছি। কিন্তু বিল এমনভাবে আসছে, যেন আমরা কোনো ভারী শিল্পকারখানা চালাই। এভাবে চললে সমন্বিত চাষ বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না।’

সমন্বিত চাষে মাছের জন্য পানিতে অক্সিজেন নিশ্চিত করতে অনেক কৃষক এয়ারেশন মেশিন ব্যবহার করেন। তীব্র গরম বা জলাবদ্ধতার সময় এটি জরুরি হয়ে পড়ে। মৎস্য দপ্তরের মতে, এটি মাছ বাঁচিয়ে রাখার কৃষিভিত্তিক প্রযুক্তি, কোনো কারখানা পরিচালনার কাজ নয়।

একই গ্রামের কৃষক বিভূতি সরকারের বিল পর্যালোচনা করে দেখা যায়, জুন মাসে ১ হাজার ২০০ ইউনিট ব্যবহারে বিল এসেছিল ৬ হাজার ২৪০ টাকা। জুলাইয়ে ব্যবহার বেড়ে ১ হাজার ৭১০ ইউনিট হলে সংযোগটি ‘ক্ষুদ্র শিল্প’ দেখিয়ে বিল করা হয় ২৩ হাজার ৬৮ টাকা। এক মাসের ব্যবধানে বিল বেড়েছে প্রায় চার গুণ। উৎপাদন ব্যয় বাড়ায় অনেক কৃষক রাতে এয়ারেশন চালানো কমিয়ে দিচ্ছেন, যা মাছের মারণঝুঁকি বাড়াচ্ছে।

পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক ঠিকাদার শেখ মগফুর রহমান জানান, মাঠে সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে সংযোগ ব্যবহারের শ্রেণি নির্ধারণ করা হয়। নোটিশ দেওয়ার ক্ষেত্রে মাঠপর্যায়ে কিছু সীমাবদ্ধতা ছিল, যা সংশোধন করা হচ্ছে।

 

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মুহা. আজিজুর রহমান সরকার উল্লেখ করেন, একই মিটার দিয়ে একাধিক কাজে বিদ্যুৎ ব্যবহৃত হলে সর্বোচ্চ হারের শ্রেণিটি কার্যকর করার নিয়ম রয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা আবেদন করলে তা পুনর্মূল্যায়ন করা হতে পারে।
এই ব্যবস্থার প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরার নাগরিক নেতা মাধব দত্ত বলেন, উপকূলীয় এলাকায় সমন্বিত চাষ ছাড়া কৃষকের টিকে থাকার পথ নেই। এটিকে শিল্প বিবেচনা করলে কৃষি অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। নোটিশ ছাড়া ভর্তুকি বন্ধ করা অন্যায়।

কৃষকদের দাবি, সংযোগের শ্রেণি পুনর্বিবেচনা, সেচ-ভর্তুকি পুনর্বহাল এবং নীতিমালায় সমন্বিত চাষে বিদ্যুতের শ্রেণি স্পষ্ট করা জরুরি, যাতে জলবায়ু অভিযোজনের এই প্রয়াস ব্যাহত না হয়।

Ads small one

আজ কোন এলাকায় বেশি বৃষ্টি হতে পারে?

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
আজ কোন এলাকায় বেশি বৃষ্টি হতে পারে?

বাংলাদেশের অধিকাংশ এলাকায় সোমবার (৩১ আগস্ট) অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তরের বিভাগগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি।

ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

ঢাকায় সকালের দিকে হালকা মেঘ থাকলেও দুপুর ৩টা থেকে বিকাল ৪টার মধ্যে বজ্রঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি।

বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৩ মাইল বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় আজ

বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় আজ সোমবার (৩১ আগস্ট) ঘোষণা করা হবে।বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

এর আগে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্ট রায়ের দিন পিছিয়ে নতুন করে দিন ধার্য করা হয়েছিল।

এ মামলায় আদালতে আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হাসান তারেক। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখি।

এর আগে গত ১১ আগস্ট মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) আবেদন ও আসামির আপিল শুনানি শুরু হয়েছিল।

২০২৫ সালের মার্চ মাসের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শিশু আছিয়া ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ২০২৫ সালের ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আছিয়া।

পরে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। সে রায়ে এই মামলার বাকি তিন আসামি শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে পরবর্তীকালে এই মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে।

এদিকে দেশে নারী শিশু নির্যাতনের কয়েকটি নির্মম ঘটনার প্রেক্ষাপটে, অগ্রাধিকার ভিত্তিতে শুধু নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিল শুনানির জন্য ২০২৬ সালের ১০ জুন একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিশেষ এই বেঞ্চে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বাধীন এই টিমের আইনজীবী সদস্যরা হলেন— ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক ও সৈয়দ ইজাজ কবির। সহকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবা তাসনিম আঁখি, মুস্তাফিজুর রহমান মুকুল, আশরাফুল আলম, রোহানী সিদ্দীকা ও আল আমীন সিদ্দিকী।

দুদকের নতুন ডিজি নাজমুল আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
দুদকের নতুন ডিজি নাজমুল আলম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভাগীয় প্রধান (যুগ্মসচিব) মো. নাজমুল আলম। রবিবার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. নাজমুল আলমকে বদলিপূর্বক প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।