ঋশিল্পীতে শিক্ষা সহায়তা প্রাপ্ত এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সমাবেশ
সাতক্ষীরা: রবিবার সাতক্ষীরায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের শিক্ষা সহায়তা প্রকল্পের আয়োজনে প্রশিক্ষণ কক্ষে ‘শিক্ষা সহায়তা প্রাপ্ত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মনিকা তোজি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসু দেব বসু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল, অধ্যাপক শশীভূষণ পাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দসহ ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সেলিমুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার সনোজ কুমার বসু এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, কলেজে ভর্তি, বিষয় নির্বাচন ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত, মেধাবী শিক্ষার্থী ও তিনজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর হাতে বিশেষ উপহার তুলে দিয়ে তাঁদের সম্মানিত করা হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মনিকা তোজি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে উচ্চশিক্ষা গ্রহণ ও নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে মোট ১২০ জন শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।









