শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

সম্পাদকীয়/ প্রসঙ্গ: কাঁচা রাস্তা ও ঝুঁকিপূর্ণ সাঁকো

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
সম্পাদকীয়/ প্রসঙ্গ: কাঁচা রাস্তা ও ঝুঁকিপূর্ণ সাঁকো

উন্নয়নের নানা পরিসংখ্যান ও মহাসড়ক সম্প্রসারণের ভিড়ে দেশের প্রান্তিক উপকূলীয় অঞ্চলের গ্রামীণ যোগাযোগব্যবস্থার চিত্র যে কতটা করুণ, তা সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার সাম্প্রতিক দুটি চিত্র দেখলে স্পষ্ট বোঝা যায়। একদিকে আশাশুনির শ্রীউলা ইউনিয়নে বাঁশতলা ব্রিজ থেকে কাকড়াবুনিয়া পর্যন্ত দীর্ঘ ১২ কিলোমিটার কাঁচা রাস্তা বছরের পর বছর সংস্কারের মুখ দেখেনি; অন্যদিকে শ্যামনগরের রমজাননগরে মাদার নদীর ওপর একটি স্থায়ী সেতুর অভাবে তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। আধুনিক যুগে এসেও অবহেলিত এই জনপদগুলোর বাসিন্দাদের কেন এমন মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকতে হবে, সে প্রশ্ন তোলা সংগত।

আশাশুনির শ্রীউলা ইউনিয়নের ওই কাঁচা সড়কটি কেবল একটি রাস্তা নয়; এটি স্থানীয় কৃষিপণ্য পরিবহন, অর্ধশতাধিক পোলট্রি খামার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও খেয়াঘাটের যাতায়াতের একমাত্র পথ। বর্ষা মৌসুমে কাদা-পানিতে সড়কটি যান চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ে, ফলে অবরুদ্ধ হয়ে পড়ে পাঁচ গ্রামের বিপুল জনগোষ্ঠী। কোনো জরুরি রোগী বা প্রসূতি নারীকে যথাসময়ে হাসপাতালে নেওয়া কিংবা উৎপাদিত কৃষিপণ্য বাজারে পৌঁছানো সেখানে এক কঠিন চ্যালেঞ্জে পরিণত হয়। স্থানীয় রাজনৈতিক প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করার আকুতি জানালেও প্রশাসনের সুনির্দিষ্ট ও দ্রুত কোনো পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়।

একইভাবে, শ্যামনগরের মাদার নদীর ওপর বাঁশের সাঁকোটি হাজারও শিক্ষার্থীর জীবনের ঝুঁকি বাড়িয়ে চলেছে। প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিশু প্রতিদিন এই নড়বড়ে সাঁকো পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হয়। তার ওপর ওই এলাকার সাধারণ মানুষকে সুপেয় খাবার পানির জন্য এই সাঁকো পার হয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের দিঘি থেকে পানি সংগ্রহ করতে হয়। জীবনযাত্রা ও দৈনন্দিন প্রয়োজনীয় চাহিদার সংযোগস্থল যেখানে একটি ভঙ্গুর বাঁশের সাঁকো, সেখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসনের টনক নড়া উচিত ছিল। অথচ যুগের পর যুগ ধরে স্থানীয় বাসিন্দারা সেতুর দাবি জানিয়ে আসলেও তাঁদের আকুতি মানববন্ধনের ব্যানারেই আটকে থাকছে।

যোগাযোগ ব্যবস্থার এই দৈন্যদশা কেবল জনগণের যাতায়াতকেই কষ্টকর করছে না, বরং স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। জাতীয় পর্যায়ে অবকাঠামোগত উন্নয়নের সাফল্য নিশ্চিত করতে হলে অবহেলিত উপকূলীয় অঞ্চলকেও অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা শ্রীউলা ইউনিয়নের ১২ কিলোমিটার কাঁচা রাস্তাটি দ্রুত পাকা করার উদ্যোগ নেবেন এবং শ্যামনগরের মাদার নদীর ওপর একটি টেকসই ও স্থায়ী সেতু নির্মাণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। প্রান্তিক জনগণের এই দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী অবসান ঘটানো এখন সময়ের দাবি।

Ads small one

নওয়াবেঁকীতে জামায়াতের আনন্দ মিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:২১ পূর্বাহ্ণ
নওয়াবেঁকীতে জামায়াতের আনন্দ মিছিল ও সমাবেশ

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): শ্যামনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল চারটায় আটুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নওয়াবেঁকী বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অনৈতিক স্খলনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতা-কর্মীরা মিছিলটি বের করেন।
সমাবেশে আটুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মহসিন আলম ও নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান।

চুরি ও মাদক ঠেকাতে দক্ষিণ কাটিয়ায় এলাকাবাসীর সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ
চুরি ও মাদক ঠেকাতে দক্ষিণ কাটিয়ায় এলাকাবাসীর সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাটিয়া গ্রামে সাম্প্রতিক সময়ে চুরি ও মাদকের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অধিবাসীরা। এলাকায় এসির তার, মসজিদের বৈদ্যুতিক তারসহ নানা সামগ্রী চুরির ঘটনা এবং মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে দক্ষিণ কাটিয়া গ্রামবাসীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সবাইকে একাত্ম হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, চুরি ও মাদকের মতো সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না; স্থানীয়দেরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই।
সভায় শেখ মাহবুবউল্লাহ, শেখ শফিউল্লাহ মনি, কায়ছারুজ্জামান হিমেল, সাইদুর রহমান হিমু, তরিকুল ইসলাম, পাপিয়া, এসএম শহিদুল ইসলাম, কাজী মো. রওনাক, শামীম হোসেন কুরাইশী, শেখ বাদশাহ, সৈয়দ সাব্বির আহমেদ, আশিকুর রহমান ও শেখ আজাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
মতবিনিময় সভা থেকে দক্ষিণ কাটিয়া এলাকায় চুরি ও মাদকবিরোধী একটি তদারকি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটির মাধ্যমে নিয়মিত নজরদারি চালানো, প্রতিরোধমূলক সামাজিক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ এলাকাবাসীকে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বুড়িগোয়ালিনীতে ৫০ হাজার চিংড়ির রেণু পোনা জব্দ ও অবমুক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ
বুড়িগোয়ালিনীতে ৫০ হাজার চিংড়ির রেণু পোনা জব্দ ও অবমুক্ত

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় নৌ পুলিশের অভিযানে প্রায় ৫০ হাজার বাগদা ও গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে নীলডুমুর বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব রেণু উদ্ধার করা হয়।
নৌ পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ হাফিজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রেণু পোনা ভর্তি পাত্রগুলো ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।
পরবর্তী সময়ে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনায় উদ্ধার করা রেণু পোনাগুলো স্থানীয় খোলপাটুয়া নদীতে অবমুক্ত করা হয়। এই পদক্ষেপ প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা ও নদীতে স্বাভাবিক চিংড়ি উৎপাদনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রেণু অবমুক্তকরণকালে উপকূলীয় প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ ও নীলডুমুর ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বুড়িগোয়ালিনী নৌ পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ হাফিজ উদ্দিন জানান, উপকূলীয় নদ-নদীতে অবৈধভাবে রেণু পোনা আহরণ ও পাচার বন্ধে নৌ পুলিশের এই কঠোর অবস্থান ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।