বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সম্পাদকীয়/ প্রসঙ্গ: পদ্মপুকুরের বেড়িবাঁধ রক্ষা ও উপকূলবাসীর স্থায়ী নিরাপত্তার প্রশ্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
সম্পাদকীয়/ প্রসঙ্গ: পদ্মপুকুরের বেড়িবাঁধ রক্ষা ও উপকূলবাসীর স্থায়ী নিরাপত্তার প্রশ্ন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নকে ঘিরে থাকা কপোতাক্ষ ও খোলপেটুয়া নদী উপকূলীয় জনপদের মানুষের কাছে যেন এক অনন্ত আতঙ্কের নাম। দ্বীপসম এই ইউনিয়নের মানুষের টিকে থাকার লড়াই এবং ঘরবাড়ি, ফসলি জমি ও চিংড়িঘের রক্ষার একমাত্র অবলম্বন চারপাশের এই বেড়িবাঁধ। কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত উপকূল দিবসের পরও পদ্মপুকুরের বেড়িবাঁধের নাজুক পরিস্থিতি এবং নতুন করে মাটি সরে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ভয় ও উৎকণ্ঠা চরমে পৌঁছেছে। স্বাধীনতার পর থেকে তিনবার পুরো বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হওয়ার ভয়াবহ ইতিহাস বহনকারী এই জনপদের মানুষ আজও প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙনের ঝুঁকি নিয়ে বসবাস করছে।

২০০৯ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় আইলার আঘাতে পদ্মপুকুরের বেড়িবাঁধ ভেঙে যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছিল, তা আজও মানুষের স্মৃতিতে অম্লান। দীর্ঘদিন পানিবন্দি জীবন এবং সর্বস্ব হারানোর সেই ক্ষত কাটিয়ে ওঠার আগেই নদীভাঙন ও বাঁধের ভঙ্গুর দশা নতুন আশঙ্কার জন্ম দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে চাউলখোলা, খুটিকাটা, ঝাপা ও কামালকাটির বিভিন্ন অংশে বাঁধের মাটি সরে যাওয়া এবং ধসের উপক্রম হওয়ার খবর অত্যন্ত উদ্বেগজনক। নদীভাঙনের প্রাকৃতিক ঝুঁকির পাশাপাশি মানবসৃষ্ট কিছু ত্রুটি এই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

বিশেষ করে চিংড়িঘেরে নদীর পানি তোলার জন্য বেড়িবাঁধের ওপর অবৈধভাবে পাইপ বসানো এবং কোথাও কোথাও বাঁধ কেটে ফেলার মতো দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড বাঁধের ভিত্তি দুর্বল করে দিচ্ছে। স্লুইসগেটগুলোর কার্যকারিতা নষ্ট থাকায় ঘেরের মালিকেরা বাধ্য হয়ে এসব অবৈধ পাইপের ওপর নির্ভর করছেন বলে অভিযোগ রয়েছে। যদিও পানি উন্নয়ন বোর্ড অতীতে অবৈধ পাইপ অপসারণের উদ্যোগ নিয়েছিল, তবে উচ্চ আদালতে মামলাসংক্রান্ত জটিলতার কারণে বর্তমানে সেই অভিযান থমকে আছে। আইনগত জটিলতা ও প্রাতিষ্ঠানিক দীর্ঘসূত্রতার সুযোগে বাঁধের মতো জীবন রক্ষাকারী অবকাঠামোকে এভাবে ঝুঁকিপূর্ণ করে তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস মাথায় রেখে ভাঙনের পর কেবল জোড়াতালি দিয়ে মাটি ফেলার গতানুগতিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। পদ্মপুকুরের ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিত করে অবিলম্বে টেকসই ও মজবুত সংস্কারকাজ শুরু করা সময়ের সবচেয়ে বড় দাবি। একই সঙ্গে চিংড়িঘেরে পানি সরবরাহের জন্য বিকল্প ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ পাইপ অপসারণের জট দ্রুত খুলতে হবে। উপকূলের মানুষের জীবন-জীবিকা ও মৌলিক নিরাপত্তার প্রশ্নটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

Ads small one

আশাশুনিতে রিলে ক্রপ সরিষা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
আশাশুনিতে রিলে ক্রপ সরিষা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় রিলে ক্রপ পদ্ধতিতে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। এ পদ্ধতিতে সরিষা চাষ করে অনেক কৃষক পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত সরিষা বিক্রি করতে পারছেন। ফলে দিন দিন এ চাষের প্রতি আগ্রহ বাড়ছে।

উপজেলায় আমন মৌসুম শেষ পর্যায়ে থাকায় কৃষকেরা ধান কাটতে শুরু করেছেন। এ বছর উপজেলায় ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। ফসলের উৎপাদনও ভালো হয়েছে। ইতিমধ্যে ২৩ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে।

কৃষকেরা ধান কাটার বেশ আগে থেকেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আমন আবাদ করা জমিতে রিলে ক্রপ হিসেবে ধান কাটার ৭ থেকে ১০ দিনের মধ্যে সরিষার বীজ বপনের পরামর্শ দিয়ে আসছেন। এ ছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের সচেতন করা হচ্ছে এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে।

উপসহকারী কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় উদ্বুদ্ধ হয়ে কৃষকেরা রিলে ক্রপ পদ্ধতিতে সরিষা চাষে এগিয়ে এসেছেন। গত বছর উপজেলায় ৫১০ হেক্টর জমিতে এ পদ্ধতিতে সরিষা চাষ করা হয়েছিল। এ বছর ১০০ হেক্টর বৃদ্ধি পেয়ে ৬১০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আগ্রহী কিছু কৃষককে সরিষার বীজ সহায়তা দেওয়া হয়েছে। অন্য আগ্রহী কৃষকদের তালিকা তৈরির কাজও চলছে। চাষাবাদ ফলপ্রসূ হলে এ বছর প্রতি হেক্টরে ২ দশমিক ২০ মেট্রিক টন করে সরিষা উৎপাদিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা জানান, সরকার বিভিন্ন প্রকল্প ও প্রণোদনার মাধ্যমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের বীজ ও সার সহায়তা দিচ্ছে। সঠিক কৃষক নির্বাচনের মাধ্যমে রিলে ফসল এবং যেখানে চাষের সুযোগ রয়েছে, সেখানে সরিষা উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, গত বছরের তুলনায় আশাশুনিতে এ বছর ১০০ হেক্টর জমিতে সরিষার আবাদ বাড়বে।

শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্তিকরণ পরিকল্পনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্তিকরণ পরিকল্পনা সভা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে রূপান্তরের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্তিকরণ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান।

এ ছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় পানিসম্পদ-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিমালা ও আইনকানুন প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা জাহিদ হাসান উদয়।

গফুর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইস কনটাক্ট বাংলাদেশের কনসোর্টিয়ামের সহযোগিতায় আয়োজিত সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্পের কো-অর্ডিনেটর (এসডিএল) মো. আলম চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইউওএমও মো. শোকর আলীসহ কমিটির সদস্যরা। সভায় কমিটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-, সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা এবং পরবর্তী পরিকল্পনা তুলে ধরা হয়।

সুন্দরবনের শেখেরটেকের কালীমন্দির: রাজা প্রতাপাদিত্যের স্থাপত্যশিল্পের অপূর্ব নিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
সুন্দরবনের শেখেরটেকের কালীমন্দির: রাজা প্রতাপাদিত্যের স্থাপত্যশিল্পের অপূর্ব নিদর্শন

পত্রদূত রিপোর্ট: খুলনা জেলার দাকোপ উপজেলাধীন সুন্দরবনের ১৬ নম্বর কম্পার্টমেন্টে শিবসা নদীর পূর্ব পাড়ের শেখেরটেক বনাঞ্চলের কালীর খালের কাছে অবস্থিত এক কক্ষবিশিষ্ট প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি সুন্দরবনের প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাস ও স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, স্থাপনাটি শেখেরটেক কালীমন্দির নামে পরিচিত।

দক্ষিণ ও পশ্চিমমুখী দুটি দরজাবিশিষ্ট স্থাপনাটির ছাদ ভেতর থেকে গম্বুজাকৃতির। গাঁথুনিতে স্থানীয়ভাবে প্রস্তুত চুন-সুরকি ব্যবহার করা হয়েছে। মন্দিরটির উচ্চতা ২৬ ফুট। এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে মধ্যযুগীয় স্থাপনার ধ্বংসাবশেষ, ইটের দেয়াল ও ঢিবি। তবে দণ্ডায়মান স্থাপনা হিসেবে এখন শুধু টিকে আছে কালীমন্দিরটি।

ধারণা করা হয়, বারো ভুঁইয়ার অন্যতম রাজা প্রতাপাদিত্য গুহ রায় (১৫৬১-১৬১১ খ্রি.) ষোড়শ শতকের শেষ দিকে সুন্দরবনের গহিনে শিবসা নদীর পাড়ে শিবসা দুর্গ এবং দুর্গের ভেতরে এ কালীমন্দিরটি প্রতিষ্ঠা করেন। সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় বন অধিদপ্তর মন্দিরটি সংস্কার করে। পরে সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানটিকে ইকোট্যুরিজম কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। ওই সময় মন্দিরে পূজার পুনঃপ্রচলন করা হয়। সম্প্রতি শেখেরটেকের শিবসা কালীমন্দিরে কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চার শতাধিক বছরের পুরোনো এ মন্দিরে দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে পূজা শুরু হয়। সুন্দরবনের গহিনে চার শতাধিক বছর ধরে টিকে থাকা একমাত্র স্থাপনা হিসেবে মন্দিরটি ‘শেখেরটেক কালীমন্দির’ নামে পরিচিত। শেখেরটেক এলাকায় এখনো প্রতাপাদিত্যের শিবসা দুর্গের ধ্বংসাবশেষ, কিছু ভেঙে যাওয়া অবকাঠামো ও পুকুর দেখা যায়। স্থানটি বর্তমানে সরকারি পর্যটনকেন্দ্রের আওতায় রয়েছে।

প্রচলিত ইতিহাস অনুযায়ী, ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুর দিকে বাংলার অন্যতম শক্তিশালী স্বাধীন রাজা এবং বারো ভুঁইয়াদের অন্যতম নেতা ছিলেন মহারাজ প্রতাপাদিত্য। ১৫৬১ খ্রিষ্টাব্দে (মতান্তরে ১৫৬০) জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা যশোরের রাজা মহারাজ বিক্রমাদিত্য শ্রীহরি এবং মাতা বসুকণ্যা। প্রতাপাদিত্যের জন্মের পাঁচ দিন পর তাঁর মা মারা যান। তাঁর কাকা রাজা বসন্ত রায়ও সুন্দরবন এলাকায় পরিচিত নাম। প্রতাপাদিত্যের ছেলেবেলার নাম ছিল প্রতাপ গোপীনাথ। মাত্র ২২ বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। তাঁর রাজত্বকাল ১৫৮৩ থেকে ১৬১১ খ্রিষ্টাব্দ পর্যন্ত বলে উল্লেখ করা হয়। তাঁর মৃত্যু ১৬১১ বা ১৬১২ খ্রিষ্টাব্দে। বন্দি অবস্থায় মুঘল সেনারা তাঁকে বেনারস হয়ে দিল্লি নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান, অথবা মুঘলদের লৌহশৃঙ্খল ভেঙে পালিয়ে যান বলে বিভিন্ন বর্ণনায় জানা যায়।

প্রতাপাদিত্যের রাজত্বকাল, সামরিক শক্তি, নৌবাহিনী ও দুর্গ নির্মাণ নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা প্রচলিত রয়েছে। কথিত আছে, সিংহাসনে বসেই তিনি সামরিক শক্তি বৃদ্ধি এবং কৌশলগত সীমানা সম্প্রসারণে মনোনিবেশ করেন। পর্তুগিজ নৌসৈনিকদের তত্ত্বাবধানে তিনি একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলেন। তাঁর নৌবহরে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন যুদ্ধজাহাজ, কামান ও অস্ত্রশস্ত্র ছিল বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়।

রাজ্যের নিরাপত্তার জন্য সুন্দরবন অঞ্চলে ধুমঘাট, রায়গড়, বেদকাশি ও শিবসা দুর্গসহ বেশ কয়েকটি ঘাঁটি নির্মাণের কথাও বিভিন্ন ঐতিহাসিক বিবরণে পাওয়া যায়। ঐতিহাসিক শিবসা দুর্গের অংশ হিসেবে পরিচিত শেখেরটেকের কালীমন্দিরটি বর্তমানে জাগ্রত মায়ের মন্দির হিসেবে পরিচিত।

প্রতাপাদিত্যের রাজ্য বর্তমানে বাংলাদেশের সুন্দরবনসংলগ্ন অঞ্চল, সাতক্ষীরা, যশোর, খুলনা, কুষ্টিয়া, নড়াইল ও সন্দ্বীপসহ ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের কিছু এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল বলে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে। ১৫৮৩ সালে তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাটে রাজধানী স্থাপন করেন বলে প্রচলিত রয়েছে।

প্রতাপের নেতৃত্বে বাংলার বিভিন্ন প্রান্তের আরও ১১ জন শাসককে নিয়ে গড়ে ওঠে ইতিহাসখ্যাত বারো ভুঁইয়া। মুঘল সাম্রাজ্যের পূর্বমুখী সম্প্রসারণের বিরুদ্ধে দেশীয় শাসকদের প্রতিরোধে তাঁর ভূমিকার কথা ইতিহাসে উল্লেখ রয়েছে।

প্রতাপাদিত্য ১৫৮৭ সালে হিজলির যুদ্ধ, ১৫৯২ সালে সাতগাঁওয়ের যুদ্ধ ছাড়াও রায়গড়, রাজমহল ও পাটনার যুদ্ধে অংশগ্রহণ করেন বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে জানা যায়। তিনি কেবল একজন যোদ্ধাই ছিলেন না, প্রজাবৎসল শাসক হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর আমলে শিক্ষাপ্রতিষ্ঠান, সামরিক প্রশিক্ষণকেন্দ্র, মন্দির, দীঘি ও পুকুর নির্মাণের কথা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালীমন্দিরও তাঁর সঙ্গে সম্পর্কিত একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত।

প্রচলিত বর্ণনা অনুযায়ী, প্রতাপাদিত্যের পতনের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র ও অভ্যন্তরীণ বিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে সুবেদার ইসলাম খান চিশতি এবং রাজা মানসিংহের অভিযান তিনি একাধিকবার প্রতিহত করলেও শেষ পর্যন্ত পরাজিত ও বন্দি হন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে।

কথিত আছে, মুঘলরা তাঁকে বন্দি করে লোহার খাঁচায় রেখে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তবে তিনি পথিমধ্যে পালিয়ে যান বলে জনশ্রুতি রয়েছে। শেষ পর্যন্ত নিজ রাজ্যে ফিরে আসতে না পেরে বাকি জীবন তীর্থপরিক্রমায় কাটান বলেও প্রচলিত আছে।

প্রতাপাদিত্যের শাসনামল ও সামরিক অভিযান নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিভিন্ন মত ও বর্ণনা রয়েছে। বিশেষ করে উড়িষ্যা অভিযান, পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে তাঁর সম্পর্ক এবং আফগান শাসকদের বিরুদ্ধে যুদ্ধের ঘটনাগুলো আঞ্চলিক লোকঐতিহ্যে বিশেষভাবে আলোচিত।

শিবসা কালীমন্দির পূজা কমিটির পক্ষ থেকে বিগত বছরগুলোতে সারা বাংলাদেশ থেকে শত শত ভক্ত এসে মহারাজ প্রতাপাদিত্য প্রতিষ্ঠিত এই মন্দিরে ভক্তি-শ্রদ্ধা ও জাঁকজমকের সঙ্গে কালীপূজার পুনঃপ্রচলন করেন। কমিটির লক্ষ্য, ঐতিহ্যবাহী এই মন্দিরে নিয়মিত পূজার্চনা চালু রাখা এবং ইউনেস্কোসহ আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী এই স্থাপনাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা। এ প্রচেষ্টায় সবার সহযোগিতা কামনা করা হয়েছে।