বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সম্পাদকীয়/ সড়ক যেন মৃত্যুফাঁদ: মৃত্যুর মিছিল থামবে কবে?

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
সম্পাদকীয়/ সড়ক যেন মৃত্যুফাঁদ: মৃত্যুর মিছিল থামবে কবে?

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শান্ত উপকূলীয় উপজেলা পাইকগাছায় গত এক বছরে সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু এবং ৪৯ জন আহতের খবর কেবল একটি স্থানীয় পরিসংখ্যান মাত্র নয়; এটি আসলে পুরো দেশের সড়ক ব্যবস্থার এক ভয়াবহ ও করুণ বাস্তবতার প্রতিচ্ছবি। খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ২২ অক্টোবর পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশিত এ চিত্র দেশের সার্বিক সড়ক নিরাপত্তার দৈন্যদশার কথাই নতুন করে স্মরণে এনে দেয়।

পাইকগাছার মতো একটি মাত্র গ্রামীণ কিংবা আধা-শহুরে এলাকায় এক বছরে ৬৩টি ছোট-বড় দুর্ঘটনা ঘটা এবং তাতে এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। তবে সারা দেশের চিত্র পর্যালোচনা করলে বোঝা যায়, দুর্ঘটনা ও হতাহতের এই মাত্রা জাতীয় সংকটের রূপ নিয়েছে। জাতীয় মহাসড়ক থেকে শুরু করে দূরবর্তী অঞ্চলের সংযোগ সড়ক—সবখানেই প্রতিদিন বেপরোয়া গতি, হেলপার দিয়ে গাড়ি চালানো, ফিটনেসবিহীন যানবাহন, বেআইনি থ্রি-হুইলার ও নসিমন- করিমন-ভাটিভাটির অবারিত চলাচল এবং সড়ক পারাপারে অসচেতনতার কারণে তাজা প্রাণ ঝরে পড়ছে। এর পাশাপাশি অনিয়ন্ত্রিত ওভারটেকিং ও ত্রুটিপূর্ণ সড়ক নকশা সড়ককে এক একটি নিশ্চিত মৃত্যুফাঁদে পরিণত করেছে।

নিরাপদ সড়কের দাবিতে বিগত বছরগুলোতে শিক্ষার্থীদের অভূতপূর্ব আন্দোলন এবং আইনের খসড়া প্রণয়ন সত্ত্বেও মাঠপর্যায়ে তার কার্যকারিতা প্রায় শূন্যের কোঠায়। আইন প্রণয়ন হলেও প্রয়োগের শিথিলতা, বিআরটিএ-এর তদারকির অভাব এবং ট্রাফিক প্রশাসনের চরম উদাসীনতার কারণেই অনাকাঙ্ক্ষিত এই প্রাণহানি রোখা যাচ্ছে না। প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠিত হয়, পরিসংখ্যান উপস্থাপন করা হয়, আলোচনা-সংবাদ সম্মেলন হয়; কিন্তু কার্যকর প্রতিকারমূলক পদক্ষেপ কখনোই আলোর মুখ দেখে না।

সড়ক দুর্ঘটনা কোনো অনিবার্য দৈবদুর্বিপাক নয়, এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য এক কৃত্রিম মহামারি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য কঠোর আইন প্রয়োগের বিকল্প নেই। প্রতিটি অঞ্চলের ঝুঁকিপূর্ণ সড়ক পয়েন্ট চিহ্নিত করে দ্রুত সংস্কার নিশ্চিত করতে হবে। মহাসড়কের পাশাপাশি আঞ্চলিক ও গ্রামীণ সড়কেও অবৈধ, লাইসেন্সহীন ও বিপজ্জনক ট্রাফিক চলাচল অনতিবিলম্বে বন্ধ করা আবশ্যক। পাশাপাশি চালকদের যথাযথ প্রশিক্ষণ, ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ এবং সাধারণ পথচারীদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস যেন কেবল আনুষ্ঠানিকতা ও পরিসংখ্যানে সীমাবদ্ধ না থাকে। নিরাপদ সড়ক পাওয়া মানুষের সাংবিধানিক ও মৌলিক অধিকার। সড়ককে নিরাপদ করতে প্রশাসন, পরিবহন মালিক, চালক ও পথচারী—সব পক্ষকে সম্মিলিতভাবে দায়িত্বশীল হতে হবে। অনভিপ্রেত আর কোনো পঙ্গুত্ব বা স্বজন হারানোর কান্না দেখার আগে কার্যকর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়াই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

Ads small one

আশাশুনিতে জামায়াতের দায়িত্বশীল ও প্রার্থীদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
আশাশুনিতে জামায়াতের দায়িত্বশীল ও প্রার্থীদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল ও স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর দুপুরে উপজেলা জামায়াত কার্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

 

উপজেলা আমির ও আশাশুনি সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহ-সেক্রেটারি অধ্যাপক মাওলানা ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. আব্দুস সোবহান মুকুল ও মাওলানা আবু বক্কর সিদ্দিক। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরদি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরদি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরদি’-এর ২০২৬-২৭ মেয়াদের ১২৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২২ অক্টোবর সন্ধ্যায় দেবহাটা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির কার্যনির্বাহী উপদেষ্টা ও সরকারের যুগ্মসচিব আবুল হাসান।

 

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান, সাধারণ সম্পাদক নাজমুল আহসান, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

নবগঠিত কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়ন পাল সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ শাহরিয়ার রাকিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সরুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
সরুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানার ওপর প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, ২২ অক্টোবর বড় কাশিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত একটি সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে ওঁৎ পেতে থাকা ব্যক্তিরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। পেছন থেকে মাথায় সজোরে আঘাত করে তাঁকে বেধড়ক মারধর করা হয়।

 

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।