মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দক্ষিণ কুশখালী হাড়িয়াঘাটা মাঠে ঐতিহ্যবাহী ২৭তম গ্রামীণ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্থানীয় এলাকাবাসী ও যুবসমাজের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তীব্র গরম উপেক্ষা করে জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ এই প্রতিযোগিতা উপভোগ করেন।
বিশিষ্ট ব্যবসায়ী আজিয়ার রহমান টালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র মো. তাসকিন আহমেদ চিশতী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির অন্যতম ভিত্তি। তরুণ ও যুবসমাজকে মাদক, মোবাইল স্ক্রিন আসক্তি ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে মাঠপর্যায়ের এ ধরনের সুস্থ বিনোদন ও ক্রীড়া প্রতিযোগিতার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাবেক সদস্যসচিব মো. রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মনিরুজ্জামান আলম বাপ্পি, কুশখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. কামরুজ্জামান, ব্যবসায়ী গোলাম মোস্তফা বাবু ও সমাজসেবক মোহাম্মদ জিয়াউল রহমান জিয়া।
প্রতিযোগিতা শেষে বিজয়ী সওয়ারিদের মাঝে নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৮ হাজার টাকা, চতুর্থ পুরস্কার ৩ হাজার ৫০০ টাকা এবং পঞ্চম পুরস্কার ২ হাজার টাকা প্রদান করা হয়।

Ads small one

পাটকেলঘাটায় ইসলামী আন্দোলনের ১৭ সদস্যের কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
পাটকেলঘাটায় ইসলামী আন্দোলনের ১৭ সদস্যের কমিটি গঠন

পাটকেলঘাটা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ পাটকেলঘাটা থানা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে মোহাম্মদ নাজিম উদ্দিনকে সভাপতি, মো. তুহিন হোসেনকে সহসভাপতি এবং মোহাম্মদ রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
মঙ্গলবার বিকেলে পাটকেলঘাটা থানা শাখার ইসলামী আন্দোলনের কার্যালয়ে এ কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা থানা শাখার ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দীস মোস্তফা শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খাইরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক, পাটকেলঘাটা থানা শাখার মাওলানা মুফতি মইনুদ্দিন বুখারী ও ইসলামী যুব আন্দোলনের পাটকেলঘাটা থানা শাখার সভাপতি আব্দুল আলিম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে। মানুষের পাশে থাকার এই ধারাবাহিকতা বজায় থাকবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা রবিউল ইসলাম।

কলারোয়ায় সাংবাদিকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
কলারোয়ায় সাংবাদিকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

পত্রদূত ডেস্ক: কলারোয়ায় এক সাংবাদিকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও তাঁকে লাঞ্ছিত করার চেষ্টার অভিযোগ উঠেছে প্রদীপ দে ওরফে গপা ডাক্তার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দৈনিক পত্রদূত ও সংবাদ পত্রিকার কলারোয়া প্রতিনিধি আব্দুর রহমান জয়নগর ইউনিয়নের সরসকাটি বাজারের ‘দিশা ফার্মেসী’তে যান। সেখানে তিনি ফার্মেসির মালিক ও জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঙ্গে ব্যক্তিগত বিষয়ে কথা বলছিলেন। এ সময় ক্ষেত্রপাড়া গ্রামের প্রদীপ দে ফার্মেসিতে প্রবেশ করে সাংবাদিক আব্দুর রহমানকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করতে থাকেন।
একপর্যায়ে প্রদীপ দে দাবি করেন, পুলিশে তাঁর আটকের ঘটনায় বিপুল টাকা খরচ হয়েছে এবং বাজারে আসতে হলে সাংবাদিক আব্দুর রহমানকে ৫০ হাজার টাকা দিতে হবে। এ সময় তিনি ওই সাংবাদিককে লাঞ্ছিত করার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, প্রদীপ দে ওরফে গপা ডাক্তারের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে প্রদীপ দের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ হাফিজুল গাজী (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আশাশুনি থানা পুলিশ জানায়, ফকরাবাদ গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে হাফিজুল গাজীর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি কৌটার ভেতর থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আশাশুনি, তালা ও সাতক্ষীরা সদর থানায় আগে থেকেই পাঁচটি মামলা রয়েছে। বুধবার সকালে তাঁকে বিচারকের মাধ্যমে আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলে জানান তিনি।