সাতক্ষীরায় স্কুল কাবাডির লড়াই: চ্যাম্পিয়ন পল্লী মঙ্গল ও বাহাদুরপুর স্কুল
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বুধবার বিকেলে বসেছিল কিশোর-কিশোরীদের কাবাডি লড়াইয়ের জমজমাট আসর। ‘জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতা’র ফাইনালে বালক বিভাগে পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে বুধহাটা বাহাদুরপুর ভুবন মোহন কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
জেলা কাবাডি রেফারিজ অ্যাসোসিয়েশনের আয়োজনে এই প্রতিযোগিতার ফাইনাল ঘিরে গ্যালারিতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। বালক বিভাগের ফাইনালে পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ও কাদাকাটি আরা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে চলে সমানে সমান লড়াই। শেষ পর্যন্ত ৪২-৩৮ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পল্লী মঙ্গল স্কুল।
অন্যদিকে, বালিকা বিভাগের লড়াইটিও ছিল বেশ উপভোগ্য। বুধহাটা বাহাদুরপুর ভুবন মোহন কলেজিয়েট স্কুল ৪১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। তাদের কাছে হেরে রানারআপ হওয়া সাতক্ষীরা আব্দুল করিম বালিকা বিদ্যালয় সংগ্রহ করে ৩৪ পয়েন্ট।
খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান, কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান চুন্নু, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান ও জেলা কাবাডি রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল গফফার।
পুরস্কার বিতরণী পর্বে বক্তারা বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা হলেও এর নিয়মিত চর্চায় কিছুটা ভাটা পড়েছে। তৃণমূল পর্যায়ে এ ধরনের স্কুলভিত্তিক প্রতিযোগিতা নতুন নতুন প্রতিভা অন্বেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী খেলাকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করতে নিয়মিত প্রশিক্ষণের ওপরও জোর দেন তাঁরা। কিশোর খেলোয়াড়দের এমন প্রাণবন্ত অংশগ্রহণ সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে নতুন আশার আলো জাগিয়েছে।






