শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ও পুকুরপাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় একটি মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑউপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে আব্দুর রহমান ইমন (২৪) ও একই গ্রামের মালেক মোড়লের ছেলে মেহেদি হাসান টুটুল (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শার্শার ছোট বসন্তপুর (পশ্চিমপাড়া) গ্রামের ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন যুবক তাকে ভয়ভীতি দেখিয়ে ঘরের ভেতর নিয়ে যায়। প্রথমে হাসিব আল হাসান তাকে ধর্ষণ করে। পরে অন্য আসামিরা তাকে জোরপূর্বক বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, ঘটনার সময় চিৎকার করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। পরে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান এবং থানায় লিখিত অভিযোগ করেন।
শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলাটি নথিভুক্ত করা হয়। রাতেই প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।












