সাতক্ষীরা পৌরসভার বর্জ্য, ড্রেনেজ, জলাশয়, সবুজ এলাকা, পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নয়নে কর্মশালা
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা পৌরসভার সংকট দীর্ঘ, এই সব সমস্যাসমুহ সমাধান করতে এখানকার নারী ও পুরুষ সবাইকে একসাথে সম উদ্যোগী হতে হবে। সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী (সিইও) আসাদুজ্জামান নাগরিকদের পরামর্শমুলক বিশেষ কর্মশালায় সভাপতির বক্তব্যে একথা বলেন। একই সাথে তিনি পৌরসভার ওয়েবসাইট ও সোশ্যাল সাইট আপডেট করার উপর গুরুত্বারোপ করেন। তিনি এই মাধ্যমগুলো দিয়ে নাগরিক সেবার পাশাপাশি সমস্যা চিহ্ণিতকরণ ও সমাধানের পথে এগিয়ে যাওয়ার কথা বলেন।
নগর পরিবেশ ব্যবস্থাপনায় আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, জলাশয় ও সবুজ এলাকা সংরক্ষণ এবং নাগরিক সম্পৃক্ততা বাড়াতে সাতক্ষীরা পৌরসভায় কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবার প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বিষয়ক বাস্তবায়ন পদক্ষেপ যাচাইকরণ কর্মশালায় এ তাগিদ দেওয়া হয়। জার্মান সহযোগিতা সংস্থা জিআইজেডের সহযোগিতায় ‘লিভেবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল’ প্রকল্প ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং যৌথভাবে কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান সমন্বয় সাধন করেন প্রকল্পের বিশিষ্ট গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জিআইজেডের উপদেষ্টা আবু মোজাফ্ফর আহমেদ।
আলোচনায় অংশ নেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা লিয়াকত আলী, ক্লাইমেট অ্যাকশন ফোরামের আহ্বায়ক শরীফুল্লাহ কায়সার সুমন, ক্লাইমেট জাস্টিস ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোসনা দত্ত, লুইস রানা গাইন, কৃষ্ণ ব্যানার্জি, অ্যাডভোকেট এস এম বিপ্লব, হাবিবুর রহমান সোহাগ প্রমুখ।
কর্মশালা পরিচালনায় ছিলেন, সানেম প্রকল্পের ড. সুরাইয়া ফারজানা, কে এম ইমরুল হাসান, দেহান খান প্রমুখ।









