সাতক্ষীরা সীমান্তে চার লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ গাজীপুর, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, আজ সকালে গাজীপুর বিওপির একটি দল সীমান্ত পিলার ৫/৯-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাজীপুর বেড়িবাঁধ এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। অন্যদিকে কাকডাঙ্গা বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩-এস এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা এবং মাদরা বিওপির দল উত্তর ভাদিয়ালি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে। এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল কামারবাইশা নামক স্থান থেকে ৯৫ হাজার টাকার মালামাল জব্দ করে।
অভিযানে সর্বমোট ৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে জানায় বিজিবি।






