সিনেমা নেই, আছে তারকাদের আওয়াজ
ঢালিউড জীবিত নাকি মৃত? এই প্রশ্নের সঠিক উত্তর কারও কাছে নেই। কেউ কেউ বলেন, ঢাকার সিনেমা এখন আইসিউতে। আবার কেউ বলছেন, সিনেমার সুদিন ফিরছে। দুই ঈদে তিন-চারটি সিনেমার বাইরে সারা বছর আর কোনও সিনেমা দর্শক তেমন দেখছে না।
বছরের অন্য সময়ে যে কটি সিনেমা মুক্তি পায় তার মধ্যে অধিকাংশ নামমাত্রই। এগুলো সুশীলদের কাছে না পাচ্ছে প্রশংসা, অন্যদিকে ব্যবসা সফলও হচ্ছে না।
তবে বলা চলে সিনেমা না থাকলেও সারা বছরজুড়ে আছে তারকাদের আওয়াজ। এই আওয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে সব শ্রেণীর দর্শকের কাছে অল্প সময়ে পৌছে যায়। তারকাদের নানা রকম আওয়াজে সবাই বিনোদনও খোঁজেন।
সাম্প্রতিক সময়ে তারকাদের সে সব আওয়াজের উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরা হলো-
‘তুই ফ্যাসিস্ট’, জয়কে হেলাল খানের ধমক
‘সাগরিকা’, ‘জুয়াড়ি’ ও ‘হাছন রাজা’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন নায়ক হেলাল খান। তবে প্রায় গত দুই দশক নতুন কোনও সিনেমায় নেই তিনি। গতকাল এই অভিনেতা নতুন করে আবার আলোচনায় এসেছেন।
সামাজিকযোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। বিভিন্ন ভিডিওতে দেখা যায় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীকে প্রকাশ্যে ‘ফ্যাসিস্ট’ বলে আক্রমণ করেছেন তিনি। বিএফডিসির সামনে একটি মানববন্ধনে জয় ও কয়েকজনের অংশ না নেওয়ায় তিনি ক্ষেপেছেন বলে জানা যায়। হেলাল খান বর্তমানে রাজনীতিতেই ব্যস্ত সময় পার করছেন।
শাকিব খানের ভুল তথ্য
গত বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে শাকিব খানকে দেখা যায়। সেখানে পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রির তথ্য তুলে ধরে তিনি জানান, তাদের রানিং হলের সংখ্যা বা আধুনিক মাল্টিপ্লেক্সের সংখ্যা প্রায় এক হাজার থেকে বারোশো। এমনকি তাদের কোনও সিনেমা ব্লকবাস্টার হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকা গ্রস বা ব্যবসা করে, যা অত্যন্ত বিস্ময়কর।
এরপরই সমালোচনা শুরু হয়। সমালোচকদের মতে, পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ২০২৪ সালের এপ্রিলে এক প্রতিবেদনে জানায়, দেশটিতে আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি পর্দা রয়েছে। অন্যদিকে ২০২৫ সালের মার্চে দ্য এক্সপ্রেস ট্রিবিউন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে। ওই সময় দেশটিতে সচল পর্দার সংখ্যা নেমে আসে ১১৫টিতে।
অর্থাৎ, শাকিবের দাবির সঙ্গে পাকিস্তানে বর্তমানে ১২০০টির বেশি সচল সিনেমা হল থাকার তথ্যের বড় ব্যবধান রয়েছে।
পরীমণি কাণ্ড
সিনেমা ছাড়াও সারা বছর আলোচনায় থাকা নায়িকাদের মধ্যে এগিয়ে আছেন পরীমণি। তার আওয়াজ অন্যদের থেকেও সহজে সবার কাছে পৌঁছে যায়। সম্প্রতি আদালত চত্বরে এক সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। এর পরেই গুলশানে একটি অনুষ্ঠানে তিনি আক্রমণের শিকার হয়েছেন বলে মধ্যরাতে ফেসবুক লাইভে জানান। সে সময় তার গাড়ি ভাঙচুর হয়েছে বলেও অভিযোগ করেন। তবে পুলিশ সূত্রে জানা যায়, তার গাড়ি অক্ষত ছিল।
দুই নায়িকার দ্বন্দ্ব
সামাজিক যোগাযোগমাধ্যমে অপু বিশ্বাস ও পরীমণির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসের পর এবার সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন অপু বিশ্বাস।
রোববার (১৫ নভেম্বর) একটি অনুষ্ঠানে পরীমণিকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘তার লেভেলে এসে তারপর তাকে নিয়ে পোস্ট দিতে।’
কেন দ্বন্দ্ব?
এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন পরীমনি। কাউকে সরাসরি উল্লেখ না করলেও তার স্ট্যাটাসে অপু বিশ্বাসকে ইঙ্গিত করা হয়েছে বলে মনে করেন অনেকে। সেখানে তিনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সঙ্গে ক্লিয়ার হন, কী বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’
একই স্ট্যাটাসে অপুকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন পরীমনি।
তানজিন তিশার সদস্যপদ স্থগিত
গত বছর টিভি নাটক থেকে সিনেমায় নাম লেখান তানজিন তিশা। শাকিব খানের ‘সোলজার’ সিনেমায় দেখা যাবে তাকে। তবে এই সিনেমাটির মুক্তি এরমধ্যে অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অনেকে জানান। এদিকে তিশা শাড়ি কাণ্ড ও অন্য নায়িকার সঙ্গে দ্বন্দ্বে নিয়মিত খবরের শিরোনামে আছেন। সম্প্রতি তার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ। তবে এ নিয়ে তিনি বরাবরই সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।






