সীমান্তে বিজিবির অভিযানে ৪২ লাখ টাকার মাদক ও চোরাই পণ্য আটক
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের হেরোইন, মোটরসাইকেল ও ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৩ মে) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ কাকডাঙ্গা ও হিজলদী সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, শনিবার কলারোয়া উপজেলার কেড়াগাছি ও বাঘাডাঙ্গা এলাকায় পৃথক দুটি অভিযান চালায় কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল। সীমান্ত পিলার ১৩/৩ এস-এর কাছ থেকে বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে ৪২ লাখ ২৩ হাজার টাকা মূল্যের ১ কেজি ৬০০ গ্রাম হেরোইন, ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অন্যদিকে, হিজলদী বিওপির অপর একটি দল সীমান্ত পিলার ১৩/৩-এর কাছাকাছি পূর্ব হিজলদী এলাকা থেকে ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি জব্দ করে। দুই বিওপির অভিযানে সর্বমোট ৪২ লাখ ৩৮ হাজার টাকার চোরাচালানি মালামাল ও মাদক জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে এসব ভারতীয় পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধ ও রাজস্ব ফাঁকি বন্ধে বিজিবির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।









