রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ১৩ লাখ টাকার মালামাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ১৩ লাখ টাকার মালামাল জব্দ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১৩ লাখ ২২ হাজার ৮০০ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, শাড়ি, চিংড়ি মাছের রেণুপোনা, ফেনসিডিল, কোডিন সিরাপ এবং একটি বাংলাদেশি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোমরা বিওপির একটি দল সাতক্ষীরা সদর থানার কুলিয়া রোড আনসারের মোড় এলাকা থেকে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ির রেণুপোনা জব্দ করে। কালিয়ানি বিওপির দল খৈতলা এলাকা থেকে ১ লাখ টাকার ভারতীয় মোবাইল পার্টস এবং কাকডাঙ্গা বিওপির দল কলারোয়া থানার কেড়াগাছি থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়া মাদরা বিওপির দল কলারোয়ার রাজপুর থেকে ১ লাখ৩২ হাজার৮০০ টাকা মূল্যের ফেনসিডিল, কোডিন ও একটি মোটরসাইকেল এবং হিজলদী বিওপির দল বড়ালি এলাকা থেকে ৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মোবাইলের যন্ত্রাংশ জব্দ করে।
শুল্ক ফাঁকি দিয়ে এসব মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। বিজিবি জানায়, ভারতীয় পণ্য চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। চোরাচালান রোধে বিজিবির এমন জনস্বার্থমূলক অভিযানকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন।

Ads small one

আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারী আবেদনকারীদের মৌখিক পরীক্ষা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারী আবেদনকারীদের মৌখিক পরীক্ষা

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনিতে ফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহ কাজে কর্মী নিয়োজন কার্যক্রমের প্রথম দিনে আবেদন ও ভাইবা দিতে শত শত মানুষের সমাগম ঘটেছে। রবিবার (২৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সমাজ সেবা কার্যালয়ে আবেদন গ্রহণ ও ইউএনও অফিস সংলগ্ন ভাইবা পরীক্ষা গ্রহণ করা হয়।

উপজেলার ১১ইউনিয়নে ফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহ কাজের জন্য ১০১জন তথ্য সংগ্রহকারী ও ১০জন সুপার ভাইজার নিয়োজন করা হবে।

শনিবার পর্যন্ত আবেদনকারীদের ভাইবা পরীক্ষা রবিবার উপজেলা পরিষদের দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ইউএনও কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা খাতুন এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল ভাইবা পরীক্ষা গ্রহণ করেন। রবিবার (১ম দিন) সুপারভাইজার পদে ২৩জনের ও তথ্য সংগ্রহকারী পদে ২০৩জন পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

আগামী ২৮ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণের সময় বাড়ানো হয়েছে। এসময়ে আবেদনকারীদের ২৯ জুলাই (দ্বিতীয় ধাপে) নিয়োজন পরীক্ষার ভাইবা অনুষ্ঠিত হবে।

শ্যামনগরে প্রাণি স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
শ্যামনগরে প্রাণি স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে বারসিকের উদ্যোগে প্রাণি স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। জলবায়ু সংকটাপন্ন অঞ্চলের প্রান্তিক নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়ন জোরদারকরণ (অগ্রযাত্রা) প্রকল্পের আওতায় শনি ও রবিবার (২৫-২৬ জুলাই) বুড়িগোয়ালিনীর সিডিও হলরুমে দুই দিনব্যাপী প্রাণি স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ করা হয়।

প্রশিক্ষণ প্রদান করেন শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: সুব্রত বিশ্বাস এবং উপসহকারী প্রানীসম্পদ কর্মকর্তা সুদীপ্ত কুমার বিশ্বাস।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে জলবায়ু সহনশীল পদ্ধতিতে গবাদিপশু পালন, সাধারণ রোগবালাই প্রতিরোধ, টিকাদান এবং আপদকালীন সময়ে প্রাণিসম্পদ সুরক্ষার বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়। নেটজ্ বাংলাদেশের সহযোগিতায় সমাপনীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বারসিকের ইউনিট ম্যানেজার মননজয় মন্ডল, প্রকল্প ম্যানেজার মাসুম বিল্লাহ, এ্যাডভোকেসী ফ্যাসিলিটেটর ফজলুল হক ও ফিল্ড ফ্যাসিলিটেটর মহিরঞ্জন মন্ডল প্রমুখ।

 

 

কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বাসিন্দা আব্দুর রশিদ সানা জমি দখল, চাঁদাবাজি, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে কয়রা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার (২৬ জুলাই) দুপুর ১টায় কয়রা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি অভিযোগ করেন, প্রতিবেশী জহুরুল শিকারী, কোহিনুর সানা, বাপ্পি ওরফে শুভ, আশিক, রবিউল সানাসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে তাদের ভোগদখলে থাকা জমিজমা ও মৎস্যঘের জোরপূর্বক দখলের উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন, বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মৎস্যঘেরে ক্ষয়ক্ষতি এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না দিলে তাকে ও তার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গত ৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে বাগালী মৌজায় তাদের ৯ একর আয়তনের মৎস্যঘেরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্তরা হামলা চালায়। এ সময় তারা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে বলে অভিযোগ করা হয়। হামলার সময় বাধা দিতে গেলে তার ছোট ভাই মিনারুল সানা ও তার স্ত্রী রেহেনা খাতুনকে মারধর করে তাড়িয়ে দিয়ে মৎস্যঘেরটি জোরপূর্বক দখলে নেয় বলে অভিযোগ করেন তিনি।

আব্দুর রশিদ সানা আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আমার বড় ভাই খলিলুর রহমান সানা বাদী হয়ে কয়রা থানা পুলিশ ও খুলনার পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগের পরও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে তিনি দাবি করেন। বরং অভিযুক্তরা দখল করা মৎস্যঘের নিজেদের নিয়ন্ত্রণে রেখে তাকে ও তার পরিবারের সদস্যদের অব্যাহতভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আব্দুর রশিদ সানা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, জবরদখলকৃত মৎস্যঘের ফেরত প্রদান এবং তার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।