সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদক আটক
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, মোবাইল যন্ত্রাংশ ও মাদকসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৫ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর কয়েকটি আভিযানিক দল পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, এদিন ভোর থেকে ৩৩ বিজিবির অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া ও হিজলদী বিওপির সদস্যরা স্ব-স্ব এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
সাতক্ষীরা সদর থানার কেড়াগাছি এলাকা থেকে বিজিবির দুটি বিশেষ দল ১৩ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। পণ্যগুলো সীমান্ত পিলার ১৩/৩-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে পাচার করা হচ্ছিল।
কলারোয়া থানার শ্মশান ঘাট এলাকায় অভিযান চালিয়ে শার্ট পিস ও ওয়ান টাইম ফুল প্লেট উদ্ধার করা হয়। অন্যদিকে, গোয়ালপাড়া নামক স্থান থেকে ১১ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে বিজিবি।
কলারোয়ার বড়ই বাগান এলাকায় পরিচালিত অপর এক অভিযানে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়েছে।
বিজিবির হিসেব মতে, দিনের এই বিশেষ অভিযানে সর্বমোট ১৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য আটক করা হয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান, চোরাকারবারিরা কর ফাঁকি দিয়ে অবৈধ পথে এসব ভারতীয় পণ্য বাংলাদেশে নিয়ে আসছিল। এতে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে দেশীয় শিল্পও ক্ষতির মুখে পড়ছে। সীমান্তে শান্তি বজায় রাখা এবং মাদক ও চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।









