সুন্দরবনের কথিত বনদস্যু শাহিনুর সাতক্ষীরায় আটক, স্বস্তিতে জেলেরা
এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সুন্দরবনে জেলে-বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে আলোচিত শাহিনুর সানা সাতক্ষীরায় আটক হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মিরাজুল নামে এক ব্যক্তি তাকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা পুলিশের হেফাজতে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্যদের হাতে জিম্মি হয়েছিলেন জেলে মিরাজুল। পরে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে তিনি ছাড়া পান বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর থেকে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া জেলে-বাওয়ালিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরায় শাহিনুর সানাকে দেখতে পেয়ে মিরাজুল তাকে শনাক্ত করেন। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। শাহিনুর সানা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মাওলা বক্স সানার ছেলে।
তার আটকের খবর ছড়িয়ে পড়লে সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার জেলে-বাওয়ালিদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দেয়। দীর্ঘদিন ধরে বনদস্যুদের ভয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া জেলেরা নানা ঝুঁকির মধ্যে জীবিকা নির্বাহ করে আসছেন।
উপকূলের জেলেদের প্রত্যাশা, শাহিনুরকে জিজ্ঞাসাবাদ করলে সুন্দরবনে বনদস্যুদের নেটওয়ার্ক ও তাদের সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। একই সঙ্গে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে জেলে-বাওয়ালিদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে।
এদিকে, শাহিনুর সানার বিরুদ্ধে আনা অভিযোগ এবং তার আটকের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য ও মামলার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।









