সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সুন্দরবনের প্রাণ রক্ষায় বিষমুক্ত সুন্দরবন বাস্তবায়নে নবীন-প্রবীণের ৭দফা দাবী পেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
সুন্দরবনের প্রাণ রক্ষায় বিষমুক্ত সুন্দরবন বাস্তবায়নে নবীন-প্রবীণের ৭দফা দাবী পেশ

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: ‎সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ, জলজ প্রাণবৈচিত্র্য সংরক্ষণ এবং বননির্ভর জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষার দাবিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছে নবীন-প্রবীণরা। সোমবার (১২ অক্টোবর) সাতক্ষীরার শ্যামনগরে ‘বিষ দিয়ে মাছ ধরা বন্ধ করো, সুন্দরবনের প্রাণ রক্ষা করো’ স্লোগানে ‘বিষমুক্ত সুন্দরবন, নবীন-প্রবীণের আবেদন’ শীর্ষক কর্মসূচি থেকে এ আবেদন জানানো হয়।

বারসিকের সহযোগিতায় গ্রীণ কোয়ালিশন, সংগঠিত জনসংগঠন, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন, সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম, সিরিও, শরুব এর যৌথ উদ্যোগে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সম্মুখে আয়োজিত কর্মসূচিতে সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার ক্ষতিকর প্রভাব তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাত দফা দাবি জানানো হয়। আবেদনে বন বিভাগ, মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গবেষণা প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আবেদন পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীণ কোয়ালিশন শ্যামনগর পৌরসভার সভাপতি ও প্রাক্তন শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি।

‎‎বিষমুক্ত সুন্দরবন, নবীন-প্রবীণের আবেদন যৌথভাবে পাঠ করেন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লিমা আক্তার, মিস ঈশিতা ও মেহজাবিন সুলতানা। তাঁরা বলেন, সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। উপকূলীয় পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার ক্ষেত্রে এ বনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নদী ও খালগুলো মাছ, চিংড়ি, কাঁকড়া এবং বিভিন্ন জলজ প্রাণীর গুরুত্বপূর্ণ আবাসস্থল। কিন্তু এসব নদী-খালে কীটনাশক ও অন্যান্য বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে মাছ ধরার প্রবণতা জলজ বাস্তুতন্ত্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

‎আবেদনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিভাগের একটি গবেষণার তথ্য উল্লেখ করে বলা হয়, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ৪১, ৪২, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ ও ৫৫ নম্বর কম্পার্টমেন্টের বিভিন্ন খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার প্রবণতা চিহ্নিত হয়েছে। গবেষণার বরাত দিয়ে আবেদনে আরও বলা হয়, সাতক্ষীরা রেঞ্জের মোট ১৪৭টি খালের মধ্যে ৩১টিতে সর্বাধিক, চারটিতে মাঝারি এবং ৩৩টিতে অপেক্ষাকৃত কম মাত্রায় বিষ প্রয়োগ করে মাছ ধরার তথ্য পাওয়া গেছে।

‎‎আবেদনে উল্লেখ করা হয়, বিষ প্রয়োগের ফলে মাছের পোনা, ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ এবং অন্যান্য জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষাক্ত রাসায়নিক নদী-খালের পানিতে ছড়িয়ে পড়লে মাছের প্রজনন, খাদ্যশৃঙ্খল ও জলজ বাস্তুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বিষাক্ত মাছ মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হলে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে। মাছের প্রাকৃতিক মজুত কমে গেলে বৈধভাবে মাছ আহরণকারী জেলেদের দীর্ঘমেয়াদি জীবিকাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

‎‎এসব সমস্যা মোকাবিলায় আবেদনে সাত দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- চিহ্নিত ঝুঁকিপূর্ণ খালগুলোতে বন বিভাগ, কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিয়মিত টহল ও আকস্মিক অভিযান পরিচালনা; বিষ প্রয়োগ করে মাছ ধরার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ; বিষাক্ত রাসায়নিকের অবৈধ ব্যবহার ও সরবরাহ নিয়ন্ত্রণ; বিষ প্রয়োগে ধরা মাছের সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণ প্রতিরোধ; ঝুঁকিপূর্ণ খালের পানি ও জলজ প্রাণীর ওপর বিষের প্রভাব পর্যবেক্ষণ; স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের অংশগ্রহণে সমন্বিত সংরক্ষণ কার্যক্রম জোরদার করা।

 

‎‎আবেদনে বননির্ভর জনগোষ্ঠী, জেলে, মাছ ব্যবসায়ী, আড়তদার, স্থানীয় জনপ্রতিনিধি, যুবসমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অভিযানের তথ্য, শনাক্ত অপরাধ এবং গৃহীত ব্যবস্থার অগ্রগতি নিয়মিত প্রকাশের দাবি জানানো হয়।

‎‎এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা গ্রীণ কোয়ালিশনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসেন, বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. এরফান উদ্দীন, সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা খাতুন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রীণ কোয়ালিশন সভাপতি মো. মুহসিন বিল্লাহ, মুন্সিগঞ্জ ইউনিয়ন গ্রীণ কোয়ালিশন সভাপতি ডাঃ যোগেশ মন্ডল, ঈশ্বরীপুর ইউনিয়ন গ্রীণ কোয়ালিশন এর গোবিন্দ মন্ডল, দাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠন এর সভানেত্রী শেফালী বিবি, বড়কুপট সবুজপাতা নারী সংগঠন এর সভানেত্রী পারুল রানী বৈদ্য, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী মো. শাহীন ইসলাম, সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।

‎‎আবেদনকারীরা মনে করেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ, আইনের কার্যকর প্রয়োগ এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার প্রবণতা প্রতিরোধে কার্যকর অগ্রগতি অর্জন সম্ভব। সুন্দরবনের পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে আবেদনকারীদের অবহিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়।

 

Ads small one

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, উপকারভোগী হবেন ৪০ লাখ নারী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, উপকারভোগী হবেন ৪০ লাখ নারী

এসএম বিপ্লব হোসেন: নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) থেকে শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে দেশের প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে অনলাইন ডেটাবেইজ তৈরি করা হবে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

সোমবার সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন বিষয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রেস কনফারেন্সে জানানো হয়, গত ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। পাইলটিং পর্যায়ে দেশের আট বিভাগের ৪৪টি জেলার ৫৫টি উপজেলা ও সিটি করপোরেশনের ৫৭টি ইউনিটে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) স্কোরের ভিত্তিতে নির্বাচিত ৭১ হাজার ৮৩১ জন উপকারভোগীকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়া হয়েছে।

কর্মসূচি বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা ভাতা বাবদ ব্যয় করা হবে। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬ অনুযায়ী, আর্থসামাজিক অবস্থা বিবেচনায় পিএমটি স্কোরের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে।

তথ্য সংগ্রহের জন্য দেশব্যাপী ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী ও ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা বিশেষায়িত ট্যাবলেট ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করবেন এবং সরাসরি অনলাইন ডেটাবেইজে যুক্ত করবেন।

নীতিমালা অনুযায়ী, সব নারী পরিবারপ্রধান ফ্যামিলি কার্ড পাবেন। তবে আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে প্রথম তিনটি শ্রেণিভুক্ত দরিদ্র ও অপেক্ষাকৃত অসচ্ছল পরিবারের নারীপ্রধানেরা ভাতা পাবেন। পর্যায়ক্রমে আগামী তিন অর্থবছরের মধ্যে যোগ্য সব নারী পরিবারপ্রধানকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ফ্যামিলি কার্ডে ডুয়াল চিপ, কিউআর কোড ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি থাকবে। সরকারের টাকাপে পেমেন্ট ব্যবস্থার সঙ্গে সংযুক্ত এ কার্ডের মাধ্যমে উপকারভোগীরা ব্যাংকের এটিএম বুথ, বিপণিবিতানের পয়েন্ট অব সেলস (পিওএস) এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে ভাতার টাকা তুলতে পারবেন।

সাতক্ষীরায় ডেঙ্গুতে এক দিনে ভর্তি ১২, সতর্ক থাকার পরামর্শ সিভিল সার্জনের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডেঙ্গুতে এক দিনে ভর্তি ১২, সতর্ক থাকার পরামর্শ সিভিল সার্জনের

ইব্রাহিম খলিল: সাতক্ষীরায় ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১২ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১০ জন এবং বেসরকারি হাসপাতালে দুজন রয়েছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, সদর হাসপাতালে একজন, দেবহাটায় একজন ও কলারোয়ায় তিনজন ভর্তি হয়েছেন। বাকি দুজন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৪১ জনের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭৬৮ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ২০ জনকে। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর তথ্য নেই। তবে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালভিত্তিক হিসাবে, বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, সদর হাসপাতালে চারজন, দেবহাটায় সাতজন, কালিগঞ্জে ১২ জন, কলারোয়ায় তিনজন, শ্যামনগরে তিনজন এবং বেসরকারি হাসপাতালে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। আশাশুনি ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।

ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বাড়ির ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র, টায়ার ও অন্যান্য স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি মশার কামড় থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আশাশুনি সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
আশাশুনি সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ৩৭৪ নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) কলেজের অডিটোরিয়ামে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিকতায় নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. রবিউল ইসলাম এবং নবীনবরণ কমিটি-২০২৬-এর আহ্বায়ক এস এম হাবিবুল্লাহ বাহার।

কলেজ সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিএমটি বিভাগে ৪২ জন, মানবিক বিভাগে ৩৩৪ জন, বিজ্ঞান বিভাগে ২৫ জন এবং বাণিজ্য বিভাগে ১৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। সব মিলিয়ে চার বিভাগে নতুন শিক্ষার্থীর সংখ্যা ৩৭৪ জন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কলেজজীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময় নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সততা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্যও নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, মানবিক মূল্যবোধের বিকাশ এবং দায়িত্বশীল আচরণ শিক্ষার্থীদের সাফল্যের পথ সুগম করে। শিক্ষাজীবনের শুরু থেকেই লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে গেলে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ নবীনবরণের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাদের মধ্যে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ, শৃঙ্খলাবোধ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় কলেজের শিক্ষক, নবীন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।