সোনাবাড়ীয়ায় বন্ধু মহলের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা
সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়ায় সামাজিক সংগঠন ‘বন্ধু মহল সোনাবাড়ীয়া’র উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনাবাড়ীয়া সোনার বাংলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা ও পরামর্শ দেন চিকিৎসক ডা. মাহমুদুল হাসান মামুন। এ সময় সাধারণ রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যা নিয়ে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও রোগ প্রতিরোধ বিষয়ে স্বাস্থ্যসচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
‘মানবতার সেবায়, আমরা সবসময় পাশে’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে ই-ল্যাব ডায়াগনস্টিক সেন্টার। আয়োজকেরা জানান, এলাকার সাধারণ ও অসহায় মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।









