মোঃ সিরাজুল ইসলাম: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার বেলা ৩টা ৫ মিনিটে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে পৌঁছান এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। সরকারি চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা ঠিকঠাক পাওয়া যাচ্ছে কি না, সে বিষয়ে তিনি রোগীদের কাছে জানতে চান। এ সময় উপস্থিত রোগীরা সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সুযোগ-সুবিধার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে সেবার মান আরও বৃদ্ধির জন্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
পরিদর্শন শেষে বেলা ৩টা ৪০ মিনিটে তিনি সাতক্ষীরা সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন।
সদর হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাওসার আজিজ, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিবসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সাংবাদিকেরা।
সদর হাসপাতালে আসার আগে স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্যাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাওসার আজিজ, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিবসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সাংবাদিকেরা। এখানেও অনুরূপভাবে চিকিৎসক ও রোগীদের সাথে কথা বলেন মন্ত্রী এবং একই নির্দেশনা দেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন তিনি।
তালা পরিদর্শনের শুরুতে মন্ত্রী হাসপাতালের রান্নাঘরে প্রবেশ করেন এবং রোগীদের জন্য প্রস্তুত করা খাবার চেখে দেখে সেটির মান যাচাই করেন। পরবর্তীতে তিনি পুরুষ ও মহিলা ওয়ার্ড, ওয়াশরুম, ওষুধ স্টোর, অপারেশন থিয়েটার (ওটি) ও কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা খাতা পরীক্ষা করেন। একই সঙ্গে হাসপাতালের এসি চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং চলমান সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করারও নির্দেশ দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রমও শুরু হয়েছে।
তিনি আরও জানান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং শিগগিরই মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ শুরু হবে। সেখানে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট একটি আধুনিক ভবন নির্মাণ করা হবে, যেখানে পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার ও ট্রমা সেন্টার থাকবে।
এ সময় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানসহ স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।