কালিগঞ্জ-রতনপুর-নূরনগর-শ্যামনগর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ
সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা থেকে রতনপুর, কদমতলা, নূরনগর হয়ে শ্যামনগর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের অনেক স্থানে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, সড়কটির কিছু অংশে উন্নয়ন ও সংস্কার কাজ করা হলেও অনেক অংশ এখনও ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। কোথাও মসৃণ রাস্তা, আবার কোথাও বড় বড় গর্ত থাকায় যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। এতে ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। বিশেষ করে বর্ষাকালে গর্তগুলো পানিতে ডুবে গেলে চালক ও পথচারীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। এই সড়ক দিয়ে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর, রতনপুর ও ধলবাড়িয়া ইউনিয়নের মানুষ নিয়মিত যাতায়াত করেন। একই সঙ্গে শ্যামনগর উপজেলার নূরনগর, শ্যামনগর সদর, কৈখালী ও রমজাননগর ইউনিয়নের হাজারো মানুষ জেলা শহরসহ বিভিন্ন গন্তব্যে যেতে এ সড়ক ব্যবহার করেন। দুই উপজেলার মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় সড়কটির গুরুত্ব অনেক বেশি।
এলাকাবাসীর অভিযোগ, জাতীয় সংসদ নির্বাচনের আগে সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের প্রার্থীরা প্রচারণার সময় এ সড়ক দিয়ে বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। সে সময় স্থানীয়রা সড়কটির বেহাল অবস্থার কথা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানালে উন্নয়নের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে নির্বাচনের পর দীর্ঘ সময় পার হলেও সড়কের দৃশ্যমান উন্নয়ন না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তাদের মতে, দুই আসনের জনপ্রতিনিধি একই রাজনৈতিক দলের হওয়ায় সমন্বিত উদ্যোগে সড়কটির সংস্কার অনেক আগেই সম্ভব ছিল। কিন্তু এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় এলাকাবাসী নিজেদের অবহেলিত মনে করছেন। এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ কমাতে এবং দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা জরুরি। পাশাপাশি দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানান তারা।









