শার্শা সীমান্তে পিকআপসহ ৩৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ১
বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানসহ ৩৮৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কায়বা বিওপির একটি বিশেষ চৌকস দল এই অভিযান চালায়। আটক হওয়া ব্যক্তির নাম সৈয়দ মোস্তাকিন আল মামুন (৩৮)। তিনি যশোরের মণিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামের সৈয়দ মাফুয়ার রহমানের ছেলে। বিজিবির হিসাব মতে, জব্দকৃত ভারতীয় সিরাপ ও পিকআপ ভ্যানটির আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা সীমান্তে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটির ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৩৮৯ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয় এবং চালক মামুনকে আটক করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।









