সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

নগরঘাটা রহমতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদে ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
নগরঘাটা রহমতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদে ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ৭নং নগরঘাটা ইউনিয়নের রহমতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের ছাদের অংশ ফের ধসে পড়েছে। সোমবার (২২ জুন) বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে সমাবেশে থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সোমবার শিক্ষার্থীরা সকালের সমাবেশে অংশ নেওয়ার সময় হঠাৎ করে কক্ষটির ছাদের একটি অংশ ভেঙে নিচে পড়ে। বিকট শব্দে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এর আগেও একই শ্রেণিকক্ষের ছাদের অংশ ধসে পড়ে বিদ্যালয়ের শিক্ষিকা শিবানী ব্যানার্জী আহত হয়েছিলেন।

 

ওই ঘটনার পর ভবনটির সংস্কার বা ঝুঁকিমুক্ত করার দাবি উঠলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। বারবার ছাদ ধসের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম ভীতি তৈরি হয়েছে। অনেক শিক্ষার্থী ওই কক্ষে পাঠদান করতে অনীহা প্রকাশ করছে। অভিভাবকদেরও উদ্বেগ বেড়েছে। তাঁদের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন বলেন, “বর্তমানে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেই ক্লাস নিতে হচ্ছে। এতে অভিভাবকদের মধ্যেও দুশ্চিন্তা রয়েছে। বিষয়টি নিয়ে আমরা শিক্ষা অফিসে লিখিতভাবে জানিয়েছি এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছি।”

স্থানীয় অভিভাবকেরা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠদান চলতে পারে না। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ভবনটির সংস্কার কিংবা বিকল্প শ্রেণিকক্ষের ব্যবস্থা করা প্রয়োজন। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, “বিদ্যালয় ভবনের ছাদ ধসের বিষয়টি আমাদের নজরে এসেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত আবেদনও পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভবনটির অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

 

Ads small one

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্যামনগরে ‘বারসিক এনগেজ প্রকল্প’র ক্যাম্পেইন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্যামনগরে ‘বারসিক এনগেজ প্রকল্প’র ক্যাম্পেইন

শ্যামনগর প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস-২৬ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে উন্নয়ন সংগঠন বারসিক’র এনগেজ প্রকল্প’র উদ্যোগে পরিবেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০টা থেকে দিনব্যাপী উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের অর্থায়নে দিনব্যাপী আয়োজিত ক্যাম্পেইন কর্মসুচির মধ্যে ছিল প্রদর্শনী, নাটক, র‌্যালী ও আলোচনা সভা। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনের শুরুতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বারসিক এনগেজ প্রকল্পের সুশীল সমাজ সংগঠন ও শিক্ষার্থী ফোরামের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু অভিযোজন এবং পরিবেশগত মানবাধিকার বিষয়ক বিভিন্ন তথ্যসমৃদ্ধ স্টল প্রদর্শন করা হয়। স্টলগুলো পরিদর্শন করে অতিথিবৃন্দ শিক্ষার্থী ও সিএসও সদস্যদের উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশবান্ধব কার্যক্রমকে আরও সম্প্রসারণের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারসিক এনগেজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কুমারেশ চন্দ্র। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনির, শ্যামনগর উপজেলার এনজিও সমন্বয়কারী গাজী আল ইমরান
বক্তারা পরিবেশ দূষণ রোধ, প্লাস্টিকের ব্যবহার কমানো, বৃক্ষরোপণ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, নিরাপদ পানি নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশগত মানবাধিকার প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় সুশীল সমাজ সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষার্থী ফোরামের সদস্যবৃন্দ, বারসিক এনগেজ প্রকল্পের রোকসানা পারভীন, সুপর্ণা মিত্র, মাহুয়া পারভীন এবং বারসিকের সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সুশীল সমাজ সংগঠন ও শিক্ষার্থী ফোরামের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক একটি সচেতনতামূলক পথনাটক (থিয়েটার) পরিবেশিত হয়। নাটকটির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বাস্তব চিত্র, পরিবেশ ধ্বংসের কারণ এবং অভিযোজনমূলক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা অত্যন্ত প্রাণবন্তভাবে তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।
সবশেষে পরিবেশ সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পরিবেশগত মানবাধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে উপস্থিত সকল অতিথি, অংশগ্রহণকারী ও প্রতিনিধিরা একটি স্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ক্যাম্পেইন সঞ্চালনা করেন বারসিক এনগেজ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর শরিফুল ইসলাম।

বিচালি কাটা মেশিনে কেটে গেল কলেজছাত্রের হাতের ৫টি আঙুল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
বিচালি কাটা মেশিনে কেটে গেল কলেজছাত্রের হাতের ৫টি আঙুল

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার তেতুলিয়া গ্রামে বিদ্যুৎচালিত বিচালি (খড়) কাটা মেশিনে ডান হাত ঢুকে খায়রুল ইসলাম (২৮) নামের এক কলেজছাত্রের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়িতে পোষা গাভীর খাবারের জন্য প্রতিদিনের মতো বিচালি কাটছিলেন খায়রুল। এ সময় অসাবধানতাবশত তাঁর ডান হাতটি বিদ্যুৎচালিত মেশিনের ভেতরে ঢুকে যায়। এতে তাঁর ডান হাতের পাঁচটি আঙুলই কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। ডাকচিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন।
প্রথমে খায়রুলকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (বার্ন ইউনিট) পাঠানো হয়। খায়রুল ইসলামের শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

কালিগঞ্জে জামায়াতের লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
কালিগঞ্জে জামায়াতের লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালা

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন আমির, সেক্রেটারি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নিয়ে লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন সহকারী অধ্যাপক আব্দুল্লাহ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রউফ।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারি ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা অংশ নেন। এতে নেতৃত্বের দায়িত্ব, সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।