শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

কালিগঞ্জ কৃষকদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলবাজির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
কালিগঞ্জ কৃষকদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলবাজির অভিযোগ

পত্রদূত রিপোর্ট: কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রোকন এর দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকা-, ব্যাপক চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক সিন্ডিকেট পরিচালনা, সাংবাদিক নির্যাতন, সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ ও নানাবিধ অপকর্মের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির ভাবমূর্তি। জনপ্রিয় দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সুনাম অক্ষুন্ন রাখতে বহুল বিতর্কিত রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট লিখিত আবেদন জানিয়েছেন সাতক্ষীরা জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. শামীম কবির সুমন।
শামীম কবির সুমন লিখিত অভিযোগে জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর রোকনুজ্জামান রোকন কালিগঞ্জ এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, মাছের ঘের, মার্কেট ও বাড়িঘর দখলসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসার সিন্ডিকেট পরিচালনার অভিযোগও রয়েছে। আর এসব বিষয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি-ধামকি প্রদর্শন ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন রোকনুজ্জামান রোকন ও তার পোষা সন্ত্রাসী বাহিনী।
আবেদনে আরও উল্লেখ করা হয়, এসব কর্মকা-ের অভিযোগে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় কৃষক দল তাঁর আহ্বায়ক পদ স্থগিত করেছিল। তবে পরবর্তীতে সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন এবং জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের সুপারিশে তাঁর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
পদ ফিরে পাওয়ার পর রোকনুজ্জামান রোকন আরও বেপরোয়া হয়ে ওঠেন। তাঁর কর্মকা-ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং এর নেতিবাচক প্রভাব পড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। অভিযোগে জানানো হয়, ২০২৬ সালে ১৬ জুন বিষ্ণুপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী জগদাস বন্ধুর বাড়িতে দলবল নিয়ে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধর, বাড়িঘর দখল এবং বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। এতে সংখ্যালঘু সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
এছাড়া ১৮ জুন জেলা বিএনপি ও জেলা কৃষক দলের পক্ষ থেকে রোকনুজ্জামান রোকনকে কারণ দর্শানোর জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে নোটিশ প্রদান করলেও অজ্ঞাত কারণে পরবর্তীতে কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এতে জেলা নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
লিখিত আবেদনে তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে রোকনুজ্জামানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার, ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সম্পত্তি পুনরুদ্ধারে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এদিকে বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, ছাত্রশিবির থেকে অপকর্মের কারণে বিতাড়িত হয়ে কৃষকদলে যোগ দেওয়া রোকনুজ্জামান এখন বিএনপির জন্য বিষফোঁড়ায় পরিণত হয়েছে। চাঁদাবাজি, দখলবাজি ও বিভিন্ন অপকর্মের জন্য সে গড়ে তুলেছে একটি বাহিনী। রোকনুজ্জামান রোকন এখন দলের সিনিয়র নেতাদের সম্পর্কে তুচ্ছতাচ্ছিল্যমূলক কথাবার্তা বলার পাশাপাশি চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন। এর ফলে দলের সাংগঠনিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে উল্লেখ করে তারা বলেন, ছাত্রশিবির থেকে বিতাড়িত হয়ে বিএনপির আশ্রয়ে এসে রোকনুজ্জামান এখন আওয়ামী লীগের আলোচিত নেতা শামীম উসমান এর মতো ভয়ঙ্কর আচরণের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। মামলাবাণিজ্য ও বিভিন্ন অপকর্ম করে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা যা সুষ্ঠু তদন্তে বেরিয়ে আসবে। দলের বৃহত্তর স্বার্থে বহুল বিতর্কিত রোকনুজ্জামান রোকন এর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন। অভিযোগের বিষয়ে জানার জন্য রোকনুজ্জামান রোকনের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

Ads small one

কপিলমুনিতে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
কপিলমুনিতে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

oplus_0

 

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনির কাশিমনগর গ্রামের মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি মহিদুল গাজীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে কাশিমনগর বাজারের প্রধান সড়কে মানববন্ধন, পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে পাঁচটায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সমাজসেবক এম বুলবুল আহমেদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন পাইকগাছা উপজেলা মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি শেখ সেকেন্দার আলী, সাবেক ইউপি সদস্য মাজেদা পারভীন, মাওলানা আবু মুসা, গোলাম মোস্তফা গাজী ও তাসমিরা খাতুন।
বক্তারা অভিযোগ করেন, মাদক ব্যবসায়ী ও নিজের ভাবিকে হত্যাকারী মহিদুল গাজীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নিহতের মেয়ে তাসমিরা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার চাচা মহিদুল গাজী আমার মাকে হত্যা করেছে। এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। কিন্তু গত ২১ এপ্রিল জামিনে বেরিয়ে আসার পর থেকে সে মামলা তুলে নেওয়ার জন্য আমাদের ক্রমাগত হুমকি দিচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, আসামিরা উল্টো তাদের ও মামলার সাক্ষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই পরিস্থিতিতে তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা দাবি করেন।

২৩ শতক জমি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
২৩ শতক জমি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের ঘরচালা মাঠপাড়া গ্রামে প্রায় ২৩ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। উভয় পক্ষই নিজেদের জমির বৈধ মালিক দাবি করে আসায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি বর্তমানে আদালত ও ভূমি প্রশাসনের বিভিন্ন প্রক্রিয়ার অধীনে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বল্লী ইউনিয়নের রঘুনাথপুর মৌজার সাবেক ২৪৮, ২৮৪, ২৮৭ সহ কয়েকটি দাগের অন্তর্ভুক্ত ২৩ শতক জমি নিয়ে এই বিরোধের সূত্রপাত। বাদীপক্ষের মাসুরা খাতুন ও উজির আলী ফকির বিএস খতিয়ানে রেকর্ড সংশোধনের আবেদনসহ সায়েদ আলী মোড়লের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।
অন্যদিকে বিবাদী সায়েদ আলী মোড়ল দাবি করেন, বিরোধপূর্ণ জমির নামজারি (মিউটেশন) তার নামে সম্পন্ন হয়েছে এবং তিনি নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করছেন। আবেশ আলী সরদারের কাছ থেকে তিনি জমিটি বৈধভাবে ক্রয় করেছেন উল্লেখ করে তিনি বলেন, প্রতিপক্ষ তাকে জমিতে প্রবেশে বাধা দিচ্ছে। তবে অন্য অংশীদার আবু তালেব ফকির এই দাবি অস্বীকার করে বলেন, সায়েদ আলীর কাগজপত্র জাল। জমিটি বর্তমানে তাদের দখলে রয়েছে এবং এই জালিয়াতির বিরুদ্ধে তারা সহকারী জজ ভূমি আদালতে মামলা দায়ের করেছেন। প্রকৃত মালিকানা নির্ধারণে প্রশাসনের সুষ্ঠু তদন্ত প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

মাসউকের তিন দিনব্যাপী ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ কর্মসূচির সমাপনী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
মাসউকের তিন দিনব্যাপী ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ কর্মসূচির সমাপনী

নিজস্ব প্রতিনিধি: মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরার উদ্যোগে ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির ২০২৫-২০ছঞ মেয়াদের প্রশিক্ষকদের তিন দিনব্যাপী ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ (টিওটি) কোর্স সম্পন্ন হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে লোহাগড়া উপজেলা অডিটোরিয়ামে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এর আগে নড়াইল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী রানী মজুমদার প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির লোহাগড়া শাখা ব্যবস্থাপক মো. আলমগীর ফারুক এবং মানবাধিকার কর্মী সৈয়দ খায়রুল আলম।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে জীবন দক্ষতামূলক ও আয়বৃদ্ধিমূলক বিভিন্ন মডিউলের ওপর বিস্তারিত প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র রায় এবং মাস্টার ট্রেইনার মো. গিয়াসউদ্দিন। প্রশিক্ষণে মোট ১০জন প্রশিক্ষক অংশ নেন। সমাপনী দিনে মাসউকের হলরুমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুন।