মুক্তমত: রাজনীতির সবচেয়ে বড় সংকট প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় রূপ দেওয়া
গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ
বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় সংকট হলো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় রূপ দেওয়া। আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি, বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্য দলের প্রতিপক্ষ, আবার অন্যান্য দলও একে অপরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।
গণতন্ত্রে এটি স্বাভাবিক। কিন্তু যখন প্রতিপক্ষের ক্ষতিকে নিজের অর্জন এবং প্রতিপক্ষের ব্যর্থতাকে নিজের সাফল্য মনে করা হয়, তখন রাজনীতি তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। আজ এমন এক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে যেখানে অনেক ক্ষেত্রেই একটি দল চায় অন্য দল ধ্বংস হয়ে যাক, দুর্বল হয়ে যাক কিংবা জনসমর্থন হারিয়ে ফেলুক। অথচ গণতন্ত্র প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার নয়, বরং মতের পার্থক্যের মধ্যেও সহাবস্থানের শিক্ষা দেয়।
দুঃখজনকভাবে আমাদের দেশে রাজনৈতিক মতভেদ অনেক সময় বিদ্বেষ, সংঘাত, হানাহানি এবং সামাজিক বিভাজনের জন্ম দেয়। রাজনৈতিক পরিচয়ের কারণে মানুষ মানুষকে ঘৃণা করে, সম্পর্ক নষ্ট হয়, এমনকি জাতীয় স্বার্থের প্রশ্নেও ঐক্য গড়ে ওঠে না। এর ফলে ক্ষতিগ্রস্ত হয় পুরো দেশ। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা করবে, জনগণের সমর্থন অর্জনের চেষ্টা করবে, নিজেদের কর্মসূচি তুলে ধরবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু প্রতিপক্ষকে শত্রু মনে করে তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতি করা কোনো গণতান্ত্রিক চর্চা হতে পারে না।
রাষ্ট্র কোনো দল বা গোষ্ঠীর একক সম্পত্তি নয়। এই রাষ্ট্র সকল নাগরিকের। একজন মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বা অন্য যে কোনো দলের সমর্থক হতে পারেন, কিন্তু নাগরিক হিসেবে তার অধিকার সমান। গণতন্ত্রের মূল ভিত্তিই হলো মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অংশগ্রহণের অধিকার এবং আইনের দৃষ্টিতে সমতা। তাই ভিন্ন রাজনৈতিক মতকে সম্মান করার সংস্কৃতি গড়ে তোলা আজ সময়ের দাবি।
রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত জনগণের কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ন্যায়বিচার এবং উন্নয়ন নিশ্চিত করা। কিন্তু যখন রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হয়ে যায় প্রতিপক্ষকে পরাজিত করা, অপমান করা কিংবা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা, তখন জনগণের প্রকৃত সমস্যা আড়ালে চলে যায়। এতে রাজনৈতিক দলগুলো সাময়িক লাভবান হলেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয় দেশ ও জাতি।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ সবচেয়ে বেশি প্রয়োজন সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা। রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে জনগণের আস্থা অর্জনের পথ প্রতিহিংসা নয়, সুশাসন ও জনসেবা। কারণ গণতন্ত্রে শেষ কথা বলে কোনো রাজনৈতিক দল নয়, শেষ কথা বলে জনগণ। লেখক, কলামিস্ট ও উদ্যোক্তা












