সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় পালিত হলো সবুজ উৎসব: ওয়ান চাইল্ড-ওয়ান ট্রি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় পালিত হলো সবুজ উৎসব: ওয়ান চাইল্ড-ওয়ান ট্রি

পত্রদূত ডেস্ক: জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে সোমবার (২৯ জুন) থেকে দেশব্যাপী শুরু হয়েছে বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’। আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ৫ কোটি গাছের চারা রোপণের এই মেগা প্রকল্পটির সোমবার (২৯ জুন) আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এই সবুজায়ন কর্মসূচি সফল করতে দেশের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে শুরু হয় বিশেষায়িত এই বনায়ন কার্যক্রম। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ পরিকল্পনায় সোমবার দুপুর ২টায় দেশব্যাপী শুরু হয় বৃহৎ পরিসরের এই সবুজায়ন উৎসব। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় প্রায় দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয় সবুজ উৎসব। জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমূখর পরিবেশে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালি, সেমিনার, আলোচনাসভা, ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রকাশনা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর এখানে তুলে ধরা হলো।


সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়: সবুজের আবাহনে সচেতনতার মিছিল
আষাঢ়ের মেঘলা দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছিল এক সবুজ উৎসবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণের তাগিদ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শামিল হন এক বর্ণাঢ্য র‌্যালিতে। হাতে সচেতনতামূলক ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তরুণেরা ছড়িয়ে দেয় প্রকৃতির ভারসাম্য রক্ষার বার্তা। র‌্যালি শেষে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিশেষ সেমিনার। এ সময় প্রকৃতির রুক্ষতা দূর করে ক্যাম্পাসকে ছায়া সুনিবিড় করতে বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা। ঋতুর আবহে এই সবুজায়নের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষক মোস্তাফা খাইরুল আবরার এবং মো. ইয়াছিন আলী সরদারসহ অন্য শিক্ষকেরা।


সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: বৃক্ষরোপণে ছাত্রীদের অঙ্গীকার
সকালের স্নিগ্ধ আলোয় সবুজের বার্তা নিয়ে সেজেছিল সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ঋতুরাজের বর্ষণমুখর দিনগুলোকে প্রকৃতির চাদরে মুড়িয়ে দিতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ছাত্রীরা মিলিত হয় জলবায়ু ও পরিবেশ বিষয়ক এক বিশেষ সেমিনারে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গাছের প্রয়োজনীয়তা এবং পরিচর্যার গুরুত্ব তুলে ধরা হয় এই আয়োজনে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদা সুলতানা, শফিউল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান, খোরশেদ আলম, হাবিবুল্লাহ, দীপা সিন্ধু তরফদার ও আসাদুল ইসলাম।

ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়: ‘একটি শিশু, একটি গাছ’ উৎসব
মধ্য আষাঢ়ের মেঘলা দিনে ধুলিহরের গ্রামীণ জনপদে সবুজের দোলা দিয়ে গেল এক ব্যতিক্রমী পরিবেশ উৎসব। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট’-এর আওতায় ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উদযাপিত হয় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি। রঙিন ব্যানার হাতে ছাত্রীদের বর্ণাঢ্য র‌্যালির পর আয়োজন করা হয় জলবায়ু বিষয়ক দেয়ালিকা প্রকাশ, বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা। ছাত্রীদের যুক্তি-তর্কের লড়াইয়ে উঠে আসে বিপন্ন প্রকৃতিকে বাঁচানোর আকুলতা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য নূর নাহার বেগম এবং সদ্য অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল। এছাড়াও ছাত্রীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক অরুণ কুমার মন্ডল, মো. নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, মো হাফিজুল ইসলাম, খালেদা খাতুন, শামীমা আক্তার, দেবব্রত ঘোষ, গীতা রানী সাহা, ভানুবতী সরকার, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, আসমাতারা জাহান ও হারুনর রশিদ।


ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়: একযোগে দেশব্যাপী সবুজায়নের সাড়া দেশব্যাপী ২৯,৬২১টি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির যে ডাক দেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে সেজেছিল ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাস। দুপুরের আলো-ছায়ায় বিদ্যালয় চত্বরে সমবেত হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করে। আষাঢ়ের সজল বাতাসে এই নতুন চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর এ মতিন, সহকারী শিক্ষক রুহুল আমিন বাবলু, আজিজুল ইসলাম, রেহেনা পারভীন, দেবযানীতা মজুমদার ও শর্মিষ্ঠা মজুমদারসহ অন্য শিক্ষক-শিক্ষিকারা।


ডি.বি ইউনাইটেড হাইস্কুল: প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণ ও র‌্যালি
দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে পরিবেশ উৎসব। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও প্রাণীকুলকে বাঁচাতে বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয় হরীতকী, মেহগনি ও চালতের মতো মূল্যবান গাছের চারা। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রত্যয়ে একটি র‌্যালি বিদ্যালয় সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস এবং সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবুল হাসান, আকলিমা খাতুন, মাওলানা মহসীন উদ্দীন, রেহেনা পারভীন, জয়দেব বাছাড়, ফয়জুল হক বাবু, ভবতোষ সরকার, সুকুমার সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রমেশ সরদার, মো. মুকুল হোসেন ও আল-মামুন।


ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়: ৫ কোটি গাছ লাগানোর মহাপরিকল্পনায় শামিল
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হলো ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহাজান আলী বাবলু এবং সাংবাদিক এস.এম আব্দুল্লাহ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সরওয়ার হোসেন।


পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়: কোমলমতি শিক্ষার্থীদের সবুজ শপথে বরণ
জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমাগত বাড়তে থাকা তাপমাত্রা এবং পরিবেশের ঝুঁকি থেকে মুক্তি পেতে তালা উপজেলার পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের উপস্থিতিতে চারপাশের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের সভাপতিত্বে এই সবুজায়ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবদুল মোমিন, কামরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ, আব্দুল মান্নান, মোহাম্মদ আজমির হোসেন, মোহাম্মদ আজহারুল ইসলাম, প্রকাশ সরকার, প্রবীর কুমার দেবনাথ, কৃষ্ণ মন্ডল, অমিত কুমার, মো. সোহাগ হোসেন, মোহাম্মদ মনিরুল ইসলাম, বিমল কুমার ও অরিন্দম।


আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়: শিক্ষার্থীদের মাঝে ৩৫০টি চারা বিতরণ
বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির মেলবন্ধনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী সবুজায়ন কর্মসূচি। সোমবার সকালে স্কুল চত্বরে শিক্ষার্থীদের উপস্থিতিতে পরিবেশের পরম বন্ধু গাছের চারা রোপণ করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া। স্কুল ক্যাম্পাসে কয়েকটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে ৩৫০টি ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়: মাঠের পাশে নারিকেল চারা রোপণ
আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে সোমবার সকালে আয়োজন করা হয় এক ছিমছাম বৃক্ষরোপণ কর্মসূচির। আষাঢ়ের আর্দ্র মাটিতে বিদ্যালয়ের মাঠের পাশে এবং বিভিন্ন খালি জায়গায় সারিবদ্ধভাবে নারিকেলের চারা রোপণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের সার্বিক উপস্থিতিতে চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মো. মশিউল হুদা তুহিন এবং আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রিন্স, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেন, উপজেলা জামায়াতের অফিস সচিব রুহুল কুদ্দুছ এবং আলিয়া মাদ্রাসার শিক্ষক মোস্তাহিদুর রহমান।

Ads small one

কেশবপুরে গোপনে মাদ্রাসা কমিটি গঠনের প্রতিবাদ করায় হামলার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
কেশবপুরে গোপনে মাদ্রাসা কমিটি গঠনের প্রতিবাদ করায় হামলার অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার চিংড়া-ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় নিয়মবহির্ভূতভাবে গোপনে গভর্নিং বডি গঠনের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্যরা। সোমবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদ্রাসার দাতা সদস্য আব্দুল হামিদ বলেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম কোনো নিয়ম না মেনে অতি গোপনে একটি মনগড়া কমিটি গঠন করে অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে পাঠিয়েছেন। গত রোববার এই বিষয়ে কথা বলতে গেলে অধ্যক্ষ সদুত্তর না দিয়ে বহিরাগত ২০-২৫ জনকে ডেকে এনে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।

 

এমনকি অধ্যক্ষ নিজে টেবিলের মগ দিয়ে প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ রাহাজ উদ্দীনকে আঘাত করার চেষ্টা করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অভিযোগ দিতে গেলেও তাঁরা হেনস্তার শিকার হন। অধ্যক্ষের এমন কর্মকা-ে মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ রাহাজউদ্দীন, মুহসিন উদ্দীন, হাবিবুর রহমান ও কবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

শ্যামনগরে স্বাস্থ্যসেবা বিষয়ক সংলাপ, সরকারি হাসপাতালের ওপর জোর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
শ্যামনগরে স্বাস্থ্যসেবা বিষয়ক সংলাপ, সরকারি হাসপাতালের ওপর জোর

পত্রদূত ডেস্ক: শ্যামনগরে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের অংশগ্রহণে স্বাস্থ্যসেবা বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ এই সংলাপের আয়োজন করে। এতে সহযোগিতা করে নেটজ-পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিস।

সংলাপে বক্তারা বিভিন্ন বেসরকারি ক্লিনিক বা প্রতিষ্ঠানে না গিয়ে সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি দপ্তরে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হয়।

মুন্সিগঞ্জ ইউনিয়নের জয়িতাপ্রাপ্ত কৃষাণী শঙ্করী রানীর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. জি এম তরিকুল ইসলাম ও এনজিও সমন্বয় পরিষদের সদস্যসচিব গাজী আল ইমরান। বারসিকের ইউনিট ম্যানেজার মননজয় মন্ডলের সঞ্চালনায় সংবাদের শুরুতে লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প ম্যানেজার মাসুম বিল্লাহ।

পাইকগাছা থেকে অপহৃত কিশোরী খাগড়াছড়িতে উদ্ধার, গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
পাইকগাছা থেকে অপহৃত কিশোরী খাগড়াছড়িতে উদ্ধার, গ্রেপ্তার ১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরীকে খাগড়াছড়ির রামগড় থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার মূল অভিযুক্ত ইমনকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে তাঁদের পাইকগাছায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুন প্রেমের সম্পর্কের সূত্র ধরে পাহাড় দেখানোর প্রলোভন দেখিয়ে পাইকগাছার ঘোষাল এলাকার ওই কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যান খাগড়াছড়ির রামগড় থানার সোনাইপুল গ্রামের ইমনের। কিশোরী নিখোঁজ হওয়ার পর ১১ জুন তার পরিবার পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করার পর গতকাল রোববার কিশোরীর মামী বাদী হয়ে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মামলা দায়েরের পর সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজার দিকনির্দেশনায় এবং পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে পুলিশের একটি দল রামগড় থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। রোববার সন্ধ্যা ৭টার দিকে ইমনের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং কিশোরীকে উদ্ধার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হয়ে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।