‘বন্দুকযুদ্ধে নিহত সাখাওয়াত বনদস্যু নন, দস্যুদের জিম্মি দশায় ছিলেন’Ñদাবি এলাকাবাসির
কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত সাখাওয়াত সরদার বনদস্যু ছিলেন না, বরং তিনি দস্যুদের হাতে জিম্মি ছিলেন বলে দাবি করেছেন তাঁর পরিবার ও এলাকাবাসী। মিথ্যা প্রচারের প্রতিবাদ ও সত্য ঘটনা প্রকাশের দাবিতে সোমবার বিকেলে খুলনার কয়রা উপজেলার খোড়লকাটি বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহেশ্বরীপুর ও তেঁতুলতলা গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নিহত সাখাওয়াত সরদারের বড় ছেলে মফিজুলের সঙ্গে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু আফজালের দীর্ঘদিন ধরে একটি আর্থিক লেনদেন ছিল। এর জেরে বনদস্যুরা সাখাওয়াতের ছোট ছেলে আবু সাঈদকে তুলে নিয়ে নির্যাতন করে। একপর্যায়ে আবু সাঈদ অসুস্থ হয়ে পড়লে তাঁর পরিবর্তে বৃদ্ধ বাবা সাখাওয়াত সরদারকে বাড়ি থেকে জিম্মি করে নিয়ে যায় দস্যুরা এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। ১৭ দিন দস্যুদের কাছে জিম্মি থাকা অবস্থায় সুন্দরবনে কোস্টগার্ড ও ‘দুলাভাই বাহিনী’র মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় সাখাওয়াত নিহত হন। তিনি একজন নিরীহ মানুষ এবং স্থানীয় একটি মসজিদের ক্যাশিয়ার ছিলেন।
মানববন্ধনে সত্য ঘটনা উদঘাটনের দাবি জানিয়ে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল গণি মোড়ল, সমাজসেবক মো. রফিকুল ইসলাম ভুট্টু, আব্বাস, সিরাজুল ইসলাম, আবু সাঈদ, মরিয়ম ও মো. আছাফুর রহমান।












