দরিদ্র মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনগত সহায়তা অপরিহার্য: নজরুল ইসলাম
বদিউজ্জামান : “জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬” যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রদত্ত আইনগত সহায়তা কার্যক্রম অপরিহার্য। বিচারপ্রার্থীদের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” তিনি আরও বলেন, “আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে রাষ্ট্রের সাংবিধানিক দায়বদ্ধতা বাস্তবায়িত হচ্ছে এবং আইনের শাসন সুদৃঢ় হচ্ছে।”
তিনি জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেন, “এই দিবসটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি এবং তাদের অধিকার সম্পর্কে অবহিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দিবসটি উপলক্ষে এমন কর্মসূচি গ্রহণ করতে হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও আইনগত সহায়তা সম্পর্কে জানতে পারে এবং সহজে এ সেবা গ্রহণ করতে পারে।”
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধিগণ, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের প্রতিনিধি, প্যানেল আইনজীবীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী বক্তারা জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনকে সফল করতে নানা দিকনির্দেশনা প্রদান করেন।
বক্তারা বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে লিগ্যাল এইড কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, লিফলেট বিতরণ, প্রচার-প্রচারণা এবং গণসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আসন্ন জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, আইনি সহায়তা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম, গণমাধ্যমে প্রচার বৃদ্ধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে লিগ্যাল এইড সংক্রান্ত তথ্য ছড়িয়ে দেওয়া।
উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল “জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬” উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান কর্মসূচি সহ নানা কর্মসূচি পালিত হবে। দিবসটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। এছাড়া দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে একাধিক সাব কমিটিও গঠন করা হয়।
প্রস্তুতিমূলক সভা শেষে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সহও অনুষ্ঠিত হয়। সভায় ৬৪জন আইনজীবীকে কমিটির প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ চূড়ান্ত করা হয় এবং প্যানেল আইনজীবীদের দাখিলকৃত বিল অনুমোদন দেয়া হয়। সমগ্র সভাটি পরিচালনা করেন চীফ লিগ্যাল এইড অফিসার ( যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. মুস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিভিল জজ) লিটন দাস।






