রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। জানা যায়, পুরাতন থানা ভবন ভাঙার কাজের সময় শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় শ্রমিক উপজেলার বাজারগ্রাম এলাকার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২)কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে পূর্ব থেকে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা অপর শ্রমিক বাবারগ্রাম এলাকার কামরুল হাসান (৩০) তার ডান পায়ে আঘাত পান।

স্থানীয়দের সহায়তায় আহত দুই শ্রমিককে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

 

Ads small one

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরার তালায় র‌্যালি আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) তালা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ফায়সাল সরদার,
উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: তারিক ইমাম, পল্লী ও সমবায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শুভঙ্কর বিশ্বাস, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন পরিদর্শক লিমনুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জনকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

মাছখোলা নতুন বাজারে বেলাল হোসেনের জানাজা সম্পন্ন, শোকাহত এলাকাবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
মাছখোলা নতুন বাজারে বেলাল হোসেনের জানাজা সম্পন্ন, শোকাহত এলাকাবাসী

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা নতুন বাজারের বাসিন্দা মো. বেলাল হোসেন (৩২)-এর জানাজা সম্পন্ন হয়েছে।

রবিবার (১২ জুলাই ২০২৬) বাদ জোহর মাছখোলা নতুন বাজার জামে মসজিদের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় মুসল্লি, আত্মীয়-স্বজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জানাজাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।

 

এ সময় আরও বক্তব্য দেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি ও নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান, মাছখোলা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মো. এরশাদ হুসাইন এবং মরহুমের মামা মো. আব্দুল্লাহসহ অন্যান্যরা।

জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের আত্মীয় হাফেজ মাওলানা ইউনুস বিন ইমান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পিতামাতাহীন বেলাল হোসেন এলাকায় একজন সজ্জন, ধর্মপরায়ণ এবং সংগঠনের নিবেদিতপ্রাণ যুবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি দুই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছ, ২ টি বিষের বোতল, ১ টি নৌকা আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছ, ২ টি বিষের বোতল, ১ টি নৌকা আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন পশ্চিম বনবিভাগ খুলনা রেঞ্জের অধীনস্থ জোড়শিং হারেজ খালী লোকালয় সংলগ্ন নদীতে অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় ১৫০ কেজি চিংড়ি মাছ, ২ টি বিষের বোতল ও ১ টি নৌকা জব্দ করা হয়।

শনিবার দিনগত রাত আনুমানিক ১২:৪০ মিনিটের সময় এই অভিযান চালায় বন বিভাগ।

জানা গেছে, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন, বজবজা বন টহল ফাঁড়ি সহ বন বিভাগের স্মার্ট টিমের অভিযানের সময় জোড়শিং হারেজখালী লোকালয় সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে ১৫০ কেজি চিংড়ি মাছ, দুইটি বিষের বোতল, ১ টি নৌকা সহ নৌকায় থাকা অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন বলেন, আমাদের নিয়মিত টহলের সময় জোড়শিং হারেজখালী লোকালয় সংলগ্ন এলাকায় নদীতে অভিযান চালায়। এ সময় নৌকায় থাকা ১৫০ কেজি চিংড়ি মাছ, ১ টি নৌকা, ও ২ টি বিষের বোতল জব্দ করি।

 

তিনি আরো বলেন আমাদের স্পিড বোড, ও হাং এর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারী পালিয়ে লোকালয়ে চলে যায়। তিনি আরও বলেন, আদালতের নির্দেশে জব্দকৃত চিংড়ি মাছ ও বিষের বোতল মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। এ বিষয়ে বন আইনে আদালতে মামলা দায়ের করা হয়েছে।