বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বুশরা গ্রুপের প্রায় ১০ হাজার আমানতকারীর পাওনা অর্থ ফেরত দিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রতিষ্ঠানটির কালিগঞ্জ শাখা অফিস সিলগালা করে সম্পত্তি বিক্রি বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী আমানতকারীরা।
মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার মাধ্যমে এ আবেদন করা হয়। আবেদনে বুশরা গ্রুপের চেয়ারম্যান শেখ শরিফুল ইসলাম এবং নির্বাহী পরিচালক ইকবাল কবির পলাশকে বিবাদী করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, বুশরা গ্রুপের বুশরা কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এবং বুশরা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অধীনে আমানতকারীরা দীর্ঘদিন ধরে অর্থ জমা রেখে আসছেন। প্রতিষ্ঠানটির প্রচলিত নিয়ম ও শর্তের প্রতি আস্থা রেখে তারা কষ্টার্জিত অর্থ জমা রাখেন।
অভিযোগে আরও জানানো হয়, প্রয়োজনের সময় আমানত উত্তোলনের প্রতিশ্রুতি থাকলেও দীর্ঘদিন ধরে অনেক আমানতকারী জমাকৃত অর্থ ফেরত পাচ্ছেন না। কেউ এক বছর, কেউ দুই বছর কিংবা তারও বেশি সময় আগে মূল আমানত উত্তোলনের জন্য আবেদন করলেও তা পরিশোধ করা হয়নি।
আমানতকারীদের মধ্যে মো. হাসানুজ্জামান, মো. আব্দুল মান্নান, এস এম রেদওয়ানুল ফেরদাউস রনি, মমতাজ বেগমসহ কয়েক শ গ্রাহকের অভিযোগ, টাকা ফেরত পাওয়ার বিষয়ে যোগাযোগ করতে গেলে নানা হয়রানি ও দীর্ঘসূত্রতার শিকার হতে হচ্ছে। এতে অনেক আমানতকারী ও তাঁদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে।
আবেদনকারীদের আশঙ্কা, বুশরা গ্রুপের কালিগঞ্জ শাখা অফিসের সম্পত্তি বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্পত্তি বিক্রি হয়ে গেলে ভবিষ্যতে পাওনা অর্থ আদায় আরও জটিল ও অনিশ্চিত হয়ে পড়তে পারে।
এ কারণে আমানতকারীরা জেলা প্রশাসকের কাছে বিষয়টি দ্রুত প্রশাসনিক নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কালিগঞ্জ শাখা অফিসের সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা অন্য কোনোভাবে লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে।
আবেদনের সঙ্গে কালিগঞ্জ শাখা অফিসের সম্পত্তির বিবরণও সংযুক্ত করা হয়। সেখানে দলিল নম্বর ১৯৯৬/২০২০, মৌজা বাজারগ্রাম, সিএস খতিয়ান ০৫, এসএ খতিয়ান ১১ এবং দাগ নম্বর ৩৪০/৩৪২ উল্লেখ করা হয়। জমির পরিমাণ প্রায় ০.২৯৭২ একর।
আবেদনের অনুলিপি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি), কালিগঞ্জ সাব-রেজিস্ট্রার ও কালিগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।
স্মারকিলিপি দেওয়ার সময় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশারের কাছেও অভিযোগ করেন আমানতকারীরা। এ সময় তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।