সাতক্ষীরায় ছাত্রদল নেতাকর্মীর ওপর সন্ত্রাসী হামলায় আহত ১০
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঘোনা ইউনিয়নের শ্রীডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
এতে অন্তত ১০ জন ছাত্রদলের নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের নেতাকর্মীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের শ্রীডাঙ্গা এলাকা দিয়ে যাওয়ার সময় রাত সাড়ে ১০ টার দিকে একদল ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১০ জন ছাত্রদলের নেতাকর্মী আহত হয়। হামলায় কয়েকজন গুরুতর আহত হন।
গুরুতর আহতরা হলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পি এবং ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসানসহ তিন জন। তবে আহতদের সবার নাম পরিচয় এখনো জানা যায়নি।
দলীয় সূত্র জানিয়েছে, ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসানসহ ৩ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের সহায়তায় আহত নেতাকর্মীদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ছাত্রদলের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার খবর শুনে রাতেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া পৃথকভাবে তাকে হাসপাতালে দেখতে যান জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রউফ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে আমাদের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, রাতের আঁধারে ছাত্রদল নেতাদের ওপর এমন বর্বর ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা বিএনপি, ছাত্রদল ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, ছাত্রদলের অনেকে আহত হয়েছে। কিন্তু কারা তাদের ওপর মামলা করেছে এ ব্যাপারে এখনো কিছু জানতে পারিনি। তদন্ত করে জানানো হবে।



