জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার পেলেন সাতক্ষীরার বন কর্মকর্তা মারুফ
নিজস্ব প্রতিনিধি: বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার-২০২৫’-এ বন বিভাগ ক্যাটাগরিতে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাতক্ষীরা বন সংরক্ষণ অফিসের কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ।
রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনের হৈমন্তী মিলনায়তনে আয়োজিত জাতীয় বৃক্ষমেলা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জলবায়ু ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম (টিপু)। পুরস্কার প্রাপ্তির পর জিএম মারুফ বিল্লাহ জানান, জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি ভবিষ্যতে বন ও পরিবেশ সুরক্ষায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।









