আশাশুনিতে কালাম হত্যায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা
আশাশুনি সংবাদদাতা: সাতক্ষীরার আশাশুনিতে আবুল কালাম (৫৫) হত্যাকা-ের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর স্ত্রী আলেয়া খাতুন (৫০)। সোমবার (১০ আগস্ট) আশাশুনি থানায় পেনাল কোডের ৩০২, ২০১ ও ৩৪ ধারায় মামলাটি করা হয়।
মামলা সূত্রে জানা যায়, কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামের বাসিন্দা আবুল কালাম গত ৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে এশার নামাজ শেষে চা খাওয়ার জন্য আগরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ের একটি চায়ের দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় তাঁর স্ত্রী খাবার রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে কালাম বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
দিনভর খোঁজ করেও তাঁর সন্ধান না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানান তাঁরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আগরদাড়ী গ্রামের নূর ইসলামের ছেলে শফিকুল ইসলাম ওরফে বাবুর (৩০) নির্মাণাধীন পাকা ঘরের পেছনে আবুল কালামের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের ধারণা, ৮ আগস্ট রাত সাড়ে ৯টা থেকে ১০ আগস্ট সকাল সাড়ে ১০টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা কালামকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে রেখে যায়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান বলেন, হত্যাকা-ের রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









