আশাশুনির রাউতাড়ায় জমি ও মৎস্য ঘের দখলের অভিযোগে মামলা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার রাউতাড়া মৌজায় পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি ও মৎস্য ঘের জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা (মামলা নং ২৮৬/২৬) দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী রাউতাড়া গ্রামের বাসিন্দা কালিদাশ পাড়ুই জানান, তাঁদের পূর্বপুরুষ রেকর্ডীয় ৫.৮৫ একর জমির মালিক ছিলেন। পৈতৃক ওয়ারেশ সূত্রে প্রাপ্ত জমি ও মৎস্য ঘের সম্প্রতি গোবিন্দ, মহেন্দ্র, তবেহীন্দ্র, রঞ্জন ও সুশান্ত জোরপূর্বক দখল করে নেন। পরবর্তীতে আদালতের আশ্রয় নেওয়া হলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ঘের থেকে আনুমানিক ৫০ হাজার টাকার মাছ লুট করে নিয়ে যান।
অভিযুক্তদের অব্যাহত হুমকি ও জীবনের ঝুঁকিতে বর্তমানে তাঁরা বাড়ি থেকে বের হতে পারছেন না উল্লেখ করে ক্ষোভ জানান ভুক্তভোগীরা। এ ঘটনায় আশাশুনি থানায় গত ৭ আগস্ট ৩২৩ নম্বর একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। ভুক্তভোগী পরিবারটি স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ দাবি করেছে।









