রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

কলারোয়ায় জলাবদ্ধতা দূরীকরণে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
কলারোয়ায় জলাবদ্ধতা দূরীকরণে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে। কলারোয়ার কামারালী বিল থেকে শুরু করে ওফাপুর লস্কর খাল পর্যন্ত বিস্তৃত ১.৬৮ কিলোমিটার দৈর্ঘ্য ও ২৫ ফিট প্রস্থের অতি গুরুত্বপূর্ণ ‘ওফাপুর মাঠপাড়া মাঝের খাল’-এর কচুরিপানা ও আগাছা পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় ওফাপুর মাঠপাড়া মসজিদ সংলগ্ন স্থানে খাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ‘সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন কলারোয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, “কৃষি ও কৃষকের উন্নয়নে খাল পুনরুজ্জীবিত করা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। খাল পরিষ্কারের জন্য স্বেচ্ছাশ্রমের পাশাপাশি কতজন শ্রমিক প্রয়োজন, সে সংক্রান্ত আবেদন ইউনিয়ন পরিষদের প্যাডে দ্রুত জমা দিন-উপজেলা প্রশাসন থেকে দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে।” তিনি আরও আশ্বাস দেন, আগামী শুকনো মৌসুমে এই ১.৬৮ কি.মি. দীর্ঘ খালটি সম্পূর্ণ পুনঃখননের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

এদিকে খালের দৈর্ঘ্য ১.৬৮ কিলোমিটার, প্রস্থ ২৫ ফিট (কামারালী বিল হতে ওফাপুর লস্কর খাল পর্যন্ত), ৩৭৬ হেক্টর জমি জলাবদ্ধতা থেকে মুক্ত হবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুবিধা পাবে প্রায় ২,৫০০ কৃষক পরিবার। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ সার্বিক সহযোগিতায় রয়েছেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কলারোয়া উপজেলা কৃষি অফিসার এস. এম. এনামুল হক ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক উপস্থিত থেকে আইডব্লিআরএম প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা উল্লেখ করেন, এ ধরনের ছোট ছোট খালের নাব্যতা ও নিকাশ ব্যবস্থা জোরদার করা কৃষি খাতের সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। একই সাথে তাঁরা স্থানীয় কৃষক সম্প্রদায়কে সমন্বিতভাবে খাল সংরক্ষণের ওপর জোর দেওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগিখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিজুল ইসলাম, ইউপি সদস্য মোঃ শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার রায় ও মোঃ অলিউর রহমান। ওফাপুর মাঠপাড়া মাঝের খাল ব্যবস্থাপনা কমিটির পক্ষে সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও স্থানীয় কৃষকমন্ডলী কর্মসূচিতে অংশ নেন।

 

প্রকল্পের পক্ষ থেকে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার (রিজেনারেটিভ এগ্রিকালচার) মশিউর রহমান, উত্তরণের ওয়াটার ক্লাস্টার অফিসার মোঃ মাজহারুল ইসলাম, ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর খোকন কুমার, মোঃ কামরুজ্জামান ও দীপঙ্কর কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

দীর্ঘদিনের জলাবদ্ধতার সংকট নিরসনের এই উদ্যোগে স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তারা জানান, খালটি কচুরিপানা মুক্ত হলে এবং আগামী মৌসুমে পুনঃখনন করা হলে ৩৭৬ হেক্টর জমিতে বাম্পার ফলন সম্ভব হবে-যা এলাকার প্রায় আড়াই হাজার পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে।

 

Ads small one

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলায় যুব নেতৃত্বে দেশব্যাপী শিশুনির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর-২০২৬) সকাল ১০ টায় সাতক্ষীরা সদরের পিটিআই সংলগ্ন পিএন স্কুল মাঠে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সহিংসতা নয়, সুবিচার চাই স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধনের বক্তারা বলেন একটি শান্তিপূর্ণ, মানবিক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন, মর্যাদা, নিরাপত্তা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা অপরিহার্য। কিন্তু হত্যা, নির্যাতন, ধর্ষণ, নারী ও শিশুদের প্রতি সহিংসতা এবং মব সৃষ্টির মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনা সমাজে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করে। এসব সহিংসতা ব্যক্তির মৌলিক অধিকার ও মানবিক মর্যাদাকে ক্ষুন্ন করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক আস্থা এবং আইনের শাসনের প্রতি মানুষের বিশ্বাসকে দুর্বল করে।

বক্তারা আরো বলেন, অপরাধের অভিযোগে কাউকে গণপিটুনি দেওয়া, জনতার চাপে শাস্তি প্রদান কিংবা গুজব ও উসকানির ভিত্তিতে সহিংসতা সৃষ্টি কোনোভাবেই ন্যায়বিচারের বিকল্প হতে পারে না। অপরাধের নিরপেক্ষ তদন্ত, যথাযথ আইনি প্রক্রিয়া এবং ন্যায়সংগত বিচার নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

বক্তারা বলেন, এ প্রেক্ষাপটে যুবসমাজের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। যুবসমাজ শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে না, বরং মানবাধিকার সুরক্ষা, নারী ও শিশুর নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি, সচেতনতা বৃদ্ধি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করবে।

মানবনন্ধনে অংশগ্রহণ করেন এক্টিভিস্টা সাতক্ষীরা, জেলা সম্প্রীতি ও সুরক্ষা কমিটি, ইয়ূথ এ্যালায়েন্স নেটওয়াক, সিডো, স্বদেশ, প্রগতি, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, মানাবধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, বিডি ক্লিন, ভিবিডি, জেডিএফ, প্রতিবন্ধি পুনবাসন কল্যাণ সমিতি, সাংবাদিক সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

 

শ্যামনগরে পূজামন্ডপ পরিদর্শনে যুবদলের কেন্দ্রীয় নেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
শ্যামনগরে পূজামন্ডপ পরিদর্শনে যুবদলের কেন্দ্রীয় নেতা

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা শাহজাহান রনি।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল থেকে তিনি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামন্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সময় কোনো ধরনের সমস্যা দেখা দিলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেন।

পরিদর্শনকালে শাহজাহান রনি পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নির্বিঘ্নে পূজা উদ্যাপন নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন এবং পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মত দেন তিনি।

এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীসহ পূজা উদ্যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পূজামন্ডপে নিরাপত্তায় গাফিলতি হলে জবাবদিহি করতে হবে: এএসপি বায়েজিদ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
পূজামন্ডপে নিরাপত্তায় গাফিলতি হলে জবাবদিহি করতে হবে: এএসপি বায়েজিদ

আশাশুনি প্রতিনিধি: “শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘœ করতে প্রতিটি পূজামন্ডপে দায়িত্বরত আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো পূজামন্ডপে অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি মোবাইল ফোনে থানা পুলিশকে জানাতে হবে। দায়িত্বে অবহেলা করে কোনো আনসার সদস্য পূজামন্ডপ ছেড়ে চলে গেলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো পূজামন্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনে অবহেলার কারণে অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট আনসার সদস্যদের জবাবদিহি করতে হবে।”

শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা সর্বজনীন দুর্গামন্দির, দক্ষিণ বড়দল সর্বজনীন কালীমন্দির, বড়দল বাজার সর্বজনীন দুর্গামন্দির, বুড়িয়া সর্বজনীন দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজিদ ইসলাম।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘেœ দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য পুলিশ ও আনসার সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাতে হবে। পূজামন্ডপের নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।”

পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার প্রতিটি পূজামন্ডপে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি পূজামন্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান, এস আই নাসির উদ্দিন, এএসআই অমিত হাসানসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আনসার সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।