দারিদ্রতার সাথে লড়াই করা অদম্য নন্দিনী ডাক্তার হতে চায়
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: জীবনের শুরু থেকেই দারিদ্রতার সাথে লড়াই করা এক অদম্য কিশোরী নন্দিনী। দারিদ্রের কষাঘাত তার কাঙ্খিত বাসনাকে দমাতে পারেনি। সেই ৫ম শ্রেণী থেকে রাত জেগে নিদ্রাতুর লোচনে ললাট লেখনের অন্বেষণে সে সাফল্য পেয়েছে।
সে প্রমাণ করেছে স্থির লক্ষ্য, অধ্যাবসায়, ও উন্নত চিন্তা থাকলে যে কোন সাফল্য হাতের মুঠোয় আনা সম্ভব। নন্দিনী শীল এ বার যশোর বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ (গোন্ডেন এ প্লাস) পেয়েছে।
সর্বমোট ১২৫০ নম্বরের ভিতরে সে ১১৩৫ নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সীমাহীন দারিদ্রতার সাথে লড়াই করা অদম্য নন্দিনী ছোট বেলা থেকেই ছিলো অত্যন্ত মেধাবী। তার পিতা নীলকোমল শীল খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।
পেশায় একজন স্বল্প আয়ের সেলুন দোকানদার ও মাতা পার্বতী শীল একজন গৃহিনী। ২ বোনের মধ্যে বড় সে। তার স্বপ্ন ভালো মানুষ হয়ে সমাজ, দেশ ও পরিবারের জন্য কাজ করা। ভবিষ্যতে সে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। নন্দিনী দেশবাসীর কাছে আশীর্বাদ ও দোয়া চেয়েছেন।
তার পিতা নীলকোমল শীল বলেন, “অনেক কষ্ট করে মেয়েটির পড়া লেখার খরচ যুগিয়েছি। অনেক শিক্ষক তার পড়ালেখা সহযোগীতায় আন্তরিক ছিলেন, আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে।”
তার পড়ালেখা চালাতে অনেক টাকা প্রয়োজন। নন্দিনীর পিতা সরকারীভাবে বা সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগীদের কাছে সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর বিকাশ নম্বর ০১৭১৪৬৩৩৫৭২।









