সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় মাদকসেবীদের ডোপ টেস্টের পর সামারি ট্রায়ালের নির্দেশ আইনমন্ত্রীর

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
সাতক্ষীরায় মাদকসেবীদের ডোপ টেস্টের পর সামারি ট্রায়ালের নির্দেশ আইনমন্ত্রীর
২৩ নতুন আদালতে দ্রুত বিচারক-স্টাফ নিয়োগ ও ৭৬ হাজার ২৮৭ মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
বদিউজ্জামান:
সীমান্ত জেলা সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে মাদকসেবীদের ডোপ টেস্টের পর সামারি ট্রায়ালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, এমপি। তিনি বলেছেন, মাদক নির্মূলে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। একই সঙ্গে সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান বন্ধেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগ, সাতক্ষীরার আয়োজনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, সীমান্ত জেলা হিসেবে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে হবে। এ ব্যাপারে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। মাদকাসক্ত ব্যক্তিদের ডোপ টেস্টের পর সামারি ট্রায়াল করতে হবে এবং মাদক নির্মূলে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অস্ত্র চোরাচালান বন্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, বিচারপ্রার্থীদের দ্রুত বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে মামলা নিষ্পত্তির হার বাড়াতে হবে। বিচারকদের কর্মঘণ্টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে দ্রুত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
সাতক্ষীরায় বর্তমানে ৭৬ হাজার ২৮৭টি মামলা বিচারাধীন রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এসব মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একজন বিচারককে আরেকজন বিচারকের সঙ্গে প্রতিযোগিতা করে মামলা নিষ্পত্তির হার বাড়াতে হবে।
সাতক্ষীরায় নতুন ২৩ আদালত, দ্রুত বিচারক-স্টাফ নিয়োগ
সাতক্ষীরার বিচার বিভাগের জনবল ও অবকাঠামোগত সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে আইনমন্ত্রী বলেন, সম্প্রতি জেলায় অতিরিক্ত দায়রা জজের ৬টি, যুগ্ম দায়রা জজের ৮টি, সিনিয়র সিভিল জজের ২টি, সিভিল জজের ৫টি এবং পারিবারিক আদালতের ২টিসহ মোট ২৩টি নতুন আদালত সৃজন করা হয়েছে।
অতি দ্রুত এসব আদালতে বিচারক ও সহায়ক স্টাফ নিয়োগ দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে বিচারপ্রার্থী মানুষের দ্রুত ন্যায়বিচার পাওয়ার পথ আরও সহজ হবে।
বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, প্রয়োজনে অতিরিক্ত বাজেট বরাদ্দ দেওয়া হবে। সাতক্ষীরায় বিচারক, জনবল ও অবকাঠামোগত সংকট দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
লিগ্যাল এইডে জনবল বাড়ানোর আশ্বাস
লিগ্যাল এইডকে আরও জনবান্ধব করার ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে মামলা জট কমাতে হবে। প্রয়োজনে লিগ্যাল এইড অফিসে জনবল বৃদ্ধির ব্যবস্থা করা হবে।
দেশ একটি ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে তিনি বিচার বিভাগীয় কর্মকর্তাদের চোখ-কান খোলা রেখে দায়িত্ব পালনের পরামর্শ দেন।
সাতক্ষীরা বিচার বিভাগকে ‘মডেল’ বললেন আইনমন্ত্রী
আদালত প্রাঙ্গণের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে আইনমন্ত্রী সাতক্ষীরা বিচার বিভাগকে দেশের অন্যান্য জেলা আদালতের তুলনায় মডেল হিসেবে উল্লেখ করেন।
তিনি সাতক্ষীরা বিচার বিভাগের সামাজিক বনায়ন, দৃষ্টিনন্দন ‘শাপলা চত্বর’, বিচারপ্রার্থীদের বসার জন্য ‘ছায়াবিথী’ এবং ‘ন্যায়কুঞ্জ’সহ আদালত প্রাঙ্গণের সামগ্রিক পরিবেশের প্রশংসা করেন।
বিচারক সংকটের চিত্র তুলে ধরলেন সিনিয়র জেলা ও দায়রা জজ
সভাপতির বক্তব্যে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম জেলার বিচার বিভাগের বিভিন্ন সমস্যা ও সংকট তুলে ধরেন।
তিনি জানান, সাতক্ষীরায় বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১ জন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে ২ জন, সিনিয়র সিভিল জজ পদে ২ জন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে ১ জন এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে ৫ জনসহ মোট ১১ জন বিচারকের পদ শূন্য রয়েছে।
এসব পদে অবিলম্বে বিচারক নিয়োগের জন্য আইনমন্ত্রীর কাছে দাবি জানান তিনি।
১৪ বিচারক ও ৭২ স্টাফ নিয়োগের দাবি
সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, সাতক্ষীরায় নতুন করে ২৩টি আদালত সৃজন করা হলেও এসব আদালতের জন্য বিচারক ও সহায়ক কর্মচারীর পদ সৃষ্টি করা হয়নি। অতি দ্রুত দায়রা আদালতসমূহে ১৪ জন বিচারক ও ৭২ জন স্টাফ নিয়োগের দাবি জানান তিনি।
তিনি আরও জানান, সাতক্ষীরায় একটি বাণিজ্যিক আদালত সৃজন করা হলেও সেখানে বিচারক ও স্টাফ নিয়োগ দেওয়া হয়নি। যুগ্ম জেলা জজ আদালতে বিচারকের পদ থাকলেও সহায়ক স্টাফের পদ নেই।
২০২৫ সালে ১২,২৮৭ মামলা নিষ্পত্তি
সভায় জানানো হয়, ২০২৫ সালে সাতক্ষীরায় মোট ১২ হাজার ২৮৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে দেওয়ানি মামলা ৪ হাজার ২২৭টি, ফৌজদারি মামলা ৪ হাজার ৬৩৭টি, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলা ২ হাজার ৬১৭টি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৮০৬টি মামলা রয়েছে।
৮ মাসে লিগ্যাল এইডে ২,১৭৭ আবেদন, প্রায় দেড় কোটি টাকা আদায়
সিনিয়র জেলা ও দায়রা জজ জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে সাতক্ষীরা লিগ্যাল এইড অফিসে মোট ২ হাজার ১৭৭টি আবেদন জমা পড়েছে। এ সময়ে এডিআরের মাধ্যমে ১ হাজার ৪৬৪টি বিরোধ নিষ্পত্তি এবং ৪৫৫টি সফল মেডিয়েশন হয়েছে।
এ সময়ে ১ হাজার ৪৩২ জন নারী ও ৪২৬ জন পুরুষকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। আপস-মীমাংসার মাধ্যমে (এডিআর) ১ কোটি ৪৫ হাজার টাকা অর্থ আদায় করা হয়েছে।
বিদ্যুৎ, লিফট ও পরিবহন সুবিধার দাবি
বিচারাঙ্গনের সুন্দর পরিবেশ বজায় রেখে নির্বিঘ্নে বিচারকার্য পরিচালনার জন্য বিদ্যুতের ডাবল ফেজ স্থাপনের দাবি জানান সিনিয়র জেলা ও দায়রা জজ।
১০ তলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে বিচারপ্রার্থী ও আইনজীবীদের ওঠানামার জন্য দুটি লিফট স্থাপনের দাবি জানান তিনি। বিভিন্ন আদালত ও লিগ্যাল এইড অফিসে বিচারক এবং সহায়ক স্টাফের সংকট দূর করার পাশাপাশি আদালতকে উমেদারমুক্ত করার উদ্যোগ গ্রহণের কথাও বলেন।
জারি কারকদের জন্য মোটরসাইকেল এবং টিএ-ডিএ’র ব্যবস্থা করার দাবিও তুলে ধরেন তিনি।
সবশেষে সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, বিচারক ও সহায়ক কর্মচারীর সংকট কাটিয়ে উঠতে পারলে সাতক্ষীরায় দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।
মতবিনিময় সভায় বিচার বিভাগ, সাতক্ষীরার সকল পর্যায়ের বিচারকগণ উপস্থিত ছিলেন।

Ads small one

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে ব্যাংকার’স এসোসিয়েশানের মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে ব্যাংকার’স এসোসিয়েশানের মানববন্ধন

আব্দুস সামাদ: সোনালী ব্যাংক পিএলসি’র গোপালগঞ্জের ঘাঘর শাখার নারী ব্যাংক কর্মকর্তা ফৌজিয়া হককে হেনস্তার প্রতিবাদে এবং হলুদ সাংবাদিকতা বন্ধের দাবিতে সাতক্ষীরায় ব্যাংকার’স এসোসিয়েশান সাতক্ষীরার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় শহরের লাবনী মোড় সংলগ্ন নিউ মার্কেটের স ম আলাউদ্দিন চত্বরে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা জেলা শহরের সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের প্রায় চার শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি ও জনতা ব্যাংক পিএলসি’র বাঁকাল শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক কবির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক জিএম আবু সায়েম, দপ্তর সম্পাদক শেখ কামরুজ্জামান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস এবং উপদেষ্টা কাজী মাসুদুল হক, তিতুমীর রহমান, মর্তুজা আহমেদ, শাহাদাৎ হোসেন, জোহর আলী, হোসেন কবীর, আজহারুল ইসলাম ও শামীমা সুলতানা বক্তব্য রাখেন।
এ ছাড়া সোনালী ব্যাংক পিএলসির এজিএম রবিউল ইসলাম, মুজিবুর রহমান ও শেখ সালাউদ্দিন, এসপিও দেবেশ কুমার দাস, কাজল সরকার, নরেশ কুমার বিশ্বাস, আশুতোষ দাস, আব্দুল্লাহ ও আবু সিদ্দিক, জনতা ব্যাংকের মাগফুর রহমান, তন্ময় সরকার, তাপস কুমার রায়, গোপাল চন্দ্র গাইন, বিশ্বনাথ দেবনাথ, মো. কামরুজ্জামান, শংকর বিশ্বাস, আফিয়া ফেরদৌসী, শর্মিলা, মাসুম আহমেদ, সুমন আহমেদ, জমাত আলী ও লিয়ন আঢ্য সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বশীল পেশা। তবে সাংবাদিকতার নামে কোনো কর্মকর্তা-কর্মচারীকে হেনন্তা বা হয়রানি করা কাম্য নয়। তারা হলুদ সাংবাদিকতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা আরও বলেন, কোনো অভিযোগ থাকলে তা নিয়মতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে সমাধান করতে হবে। সাংবাদিকতার স্বাধীনতার পাশাপাশি পেশাগত মর্যাদা ও ব্যক্তির সম্মান রক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে সাংবাদিকতার নামে হয়রানি ও অপসাংবাদিকতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

 

 

 

 

 

দেবহাটায় বাকপ্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানি, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
দেবহাটায় বাকপ্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানি, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এক বাকপ্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে স্থানীয় এক সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম আরমান হোসেন (৪৫)। তিনি দেবহাটা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে এবং দেবহাটা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় বিজিবি ক্যাম্পের পেছন থেকে নিজ বাড়িতে ফেরার পথে পুটুর বাড়ির পাশে নির্জন স্থানে অভিযুক্ত ব্যক্তি মোটরাসাইকেল থামিয়ে ওই নারীকে শ্লীলতাহানির চেষ্টা করেন। নারীর চিৎকারে পথচারী এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর আইন করা হয়েছে: আইনমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর আইন করা হয়েছে: আইনমন্ত্রী

পত্রদূত রিপোর্ট: মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে জাতীয় সংসদে কঠোর আইন পাস করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা, আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রতিবেশী দেশ থেকে আসা মাদকের চালান বন্ধ করার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর তিনি জোর দেন। এছাড়া বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং সীমান্ত জেলা সাতক্ষীরায় প্রস্তাবিত রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের অগ্রগতি সম্পর্কেও তিনি আলোকপাত করেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।