কৈয়াসিটিবুনিয়া মন্দির নিয়ে দীর্ঘদিনের বিরোধের অবসান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের কৈয়াসিটিবুনিয়া সার্বজনীন দুর্গা মন্দির পরিচালনা ও জমি সংক্রান্ত দীর্ঘদিনের আইনি বিরোধ মিটে গেছে।
১৩ সেপ্টেম্বর মন্দির প্রাঙ্গণে স্থানীয় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মধ্যস্থতায় দুই পক্ষ সর্বসম্মতভাবে এক টেবিলে বসে বিরোধ নিষ্পত্তির ঘোষণা দেয়। উভয় পক্ষই আসন্ন শারদীয় দুর্গোৎসবসহ সব ধর্মীয় অনুষ্ঠান যৌথভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।
মন্দির কমিটির সভাপতি সরীরন মন্ডলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি মনোহর চন্দ্র সানা, পৌর পূজা পরিষদের সভাপতি বাবুরাম মন্ডলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, ১৯৯৫ সালে কোবলা রেজিস্ট্রি হওয়া পৌনে সাত শতক জমি নিয়ে ১৯৯১ সাল থেকে একাধিক মামলা-মোকদ্দমা চলছিল। দীর্ঘ সময় পর দুই পক্ষের এই সমঝোতাকে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।









