আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধার দোকানে আগুন দেওয়ার ঘটনায় আটক ১
নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগরে এক বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় মেহেদী হাসান (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় প্রতাপনগরের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) নিতীশ বিশ্বাস জানান, মামলার ২ নম্বর আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদী মারুফ বিল্লাহ জানান, সংবাদ প্রকাশের পর ২৩ সেপ্টেম্বর আশাশুনি থানায় মামলা করা হয়। আসামিকে গ্রেপ্তারের জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান।
এর আগে ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে প্রতাপনগর বিট হাউস মোড় এলাকায় বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মালিকানাধীন দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দোকানটি ভাড়া নিয়ে ‘মহিব টেলিকম অ্যান্ড স্টোর’ নামে ব্যবসা পরিচালনা করতেন মারুফ বিল্লাহ। ঘটনার এক দিন আগে ১৮ সেপ্টেম্বর বিকাশের লেনদেন নিয়ে মেহেদী হাসানের সঙ্গে মারুফের ছোট ভাই মহিবুল্লাহর বাকবিত-া হয়। সে সময় দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে।
মারুফ বিল্লাহর দাবি, অগ্নিকা-ে দোকানে থাকা প্রায় ছয় লাখ টাকার বৈদ্যুতিক মালামাল এবং গ্রাহকদের দেনা-পাওনার হিসাবসংক্রান্ত রেজিস্টার পুড়ে গেছে।
মামলায় মেহেদী হাসান ছাড়াও মো. আরাফাত হোসেন, মো. আবুজার, মো. রাজা হোসেন, মো. হাবিবুল্লাহসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের ছেলে গাজী আরেফিন জানান, আগুনে দোকানের পাশাপাশি সংলগ্ন গাছপালা ও কবুতরের ঘরের ক্ষতি হয়েছে।






