আশাশুনিতে পুলিশের অভিযানে ২ আ.লীগ নেতাসহ ৫ জন গ্রেপ্তার
বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৭ সেপ্টেম্বর রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-প্রতাপনগর গ্রামের মৃত মফেজ আলী গাজীর ছেলে মো. রজব আলী। তিনি ১০ নম্বর প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তার বিরুদ্ধে আশাশুনি থানার মামলা নং-২৩, তারিখ ২৩/০৬/২০২৬, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় মামলা রয়েছে।
এ ছাড়া তুয়ারডাঙ্গা গ্রামের মৃত ঘনশ্যাম মন্ডলের ছেলে গণেশ চন্দ্র মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ৮ নম্বর খাজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধেও একই মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ধারায় মামলা রয়েছে।
প্রতাপনগর গ্রামের আক্তারুজ্জামান মোড়লের ছেলে মো. রাসেল আহমেদ (২০)কে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ হাজার টাকা। তার বিরুদ্ধে আশাশুনি থানার মামলা নং-১৭, তারিখ ২৭/০৯/২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা হয়েছে।
ডুমুরপোতা কেয়ারগাতী গ্রামের মো. আফিল গাজীর ছেলে মো. আরিফুল গাজীকেও গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সিআর-৩০১/২২ (বোয়ালিয়া) মামলায় ১ বছরের সাজা ও ৮ লাখ টাকা জরিমানা রয়েছে।
এ ছাড়া প্রতাপনগর গ্রামের মো. খোকা হাওলাদারের ছেলে মো. মেহেদী হাসান (২৫)কে আশাশুনি থানার মামলা নং-১৬, তারিখ ২৩/০৯/২০২৬, দন্ডবিধির ৪৩৫/৪২৭/৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ৫ আসামিকে পুলিশি প্রহরায় সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আশাশুনি থানার ওসি মো. জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।












