সাতক্ষীরা সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে এক আসামিসহ ১০ লাখ ১৫ হাজার ৩৩০ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। ৫ সেপ্টেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপি ও বিশেষ ক্যাম্পের টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গাজীপুর, মাদরা, বৈকারী, কাকডাঙ্গা, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, বিস্কুট, মোটরসাইকেল, শাড়ি ও গাঁজা জব্দ করেন।
এর মধ্যে গাজীপুর বিওপি ৮২ হাজার ৫০০ টাকার এবং বৈকারী বিওপি ৩ লাখ ৬৯ হাজার টাকার ভারতীয় মোবাইল যন্ত্রাংশ উদ্ধার করে। কাকডাঙ্গা বিওপি ২৭ হাজার ২৮০ টাকার ভারতীয় বিস্কুট, মাদরা বিওপি ৫২ হাজার ৫০০ টাকার শাড়ি, সুলতানপুর বিওপি ১ লাখ ২০ হাজার টাকার এবং চান্দুরিয়া বিওপি ২ লাখ ১২ হাজার ৩০০ টাকার মোবাইল যন্ত্রাংশ জব্দ করে।
এ ছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প সাতক্ষীরা সদরের মাধবকাঠি এলাকা থেকে মো. রনি বাবু (২৮) নামের এক যুবককে ১ লাখ ৫১ হাজার ৭৫০ টাকা মূল্যের গাঁজা ও একটি মোটরসাইকেলসহ আটক করে। আটক রনি কুশখালি গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।
বিজিবি সূত্র জানায়, শুল্ক ফাঁকি দিয়ে এসব মালামাল ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল। এর ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব হারাচ্ছে। বিজিবির এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়ে নিয়মিত এমন অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।










