সীমান্তে পাহারা জোরদারের আহ্বান কাজী আলাউদ্দীনের
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে পাহারা জোরদার করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। তিনি বলেছেন, কালিগঞ্জের উকশা, গোবিন্দপুরসহ সীমান্তবর্তী এলাকায় সবাই মিলে পাহারা দিতে হবে, যাতে দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীরা দেশে প্রবেশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। প্রয়োজনে সীমান্তে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, নাশকতা ও দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান। বক্তব্য দেন মোবাচ্ছের হোসেন পলাশ, সাইলুজ্জামান খান ও মো. ফারুক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মামুন।
কাজী আলাউদ্দীন তাঁর বক্তব্যে বিগত ১৬ বছরের শাসনামলে দুর্নীতি, গুম, খুন, মিথ্যা মামলা ও রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলে ধরেন। তিনি দাবি করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। এ পরিস্থিতি মোকাবিলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার থানা সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।












